জুলাই বিপ্লবের সম্মুখ সারির যোদ্ধা ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি হত্যার বিচার দাবিতে উত্তাল হয়ে উঠেছে চট্টগ্রাম।
শনিবার (২৭ ডিসেম্বর) বিকাল থেকে নগরীর নিউমার্কেট চত্বরে দলে দলে বিভিন্ন বয়সী মানুষ জড়ো হন। ইনকিলাব মঞ্চের উদ্যোগে অবস্থান কর্মসূচির ডাক দেওয়া হলেও এতে জুলাই আন্দোলনের সমন্বয়ক, এনসিপি নেতা এবং সাধারণ শিক্ষার্থীদের অংশ নিতে দেখা যায়।
কর্মসূচিতে অংশগ্রহণকারীরা ‘দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা’, ‘আপস না সংগ্রাম, সংগ্রাম সংগ্রাম’, ‘আমরা সবাই হাদি হব, গুলির মুখে কথা কব” এমন নানা স্লোগান দেওয়া হয়।
অবস্থান কর্মসূচিতে অংশ নেওয়া কয়েকজন জানান, তারা ঢাকার শাহবাগে চলমান আন্দোলনের সঙ্গে একাত্মতা প্রকাশ করে এই কর্মসূচিতে অংশ নিয়েছেন। হাদি হত্যার বিচার নিশ্চিত না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন তারা। অনেকেই জানান, প্রয়োজনে কর্মসূচি রাতভর চলবে।
এর আগে, সকাল থেকেই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও ইনকিলাব মঞ্চসহ বিভিন্ন ফেসবুক পেজ থেকে ঢাকার শাহবাগের ধারাবাহিকতায় চট্টগ্রামেও অবস্থান কর্মসূচির ঘোষণা দেওয়া হয়। দুপুরে নিউমার্কেট মোড়ে জমায়েত হওয়ার আহ্বান জানানো হয়।

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন