চট্টগ্রামের আনোয়ারায় মুহাম্মদ ইদ্রিস হুমায়ূন (৩২) নামে যুবলীগের এক নেতাকে আটক করেছে পুলিশ।
বৃহস্পতিবার (১ জানুয়ারি) বিকাল চারটার দিকে আনোয়ারা উপজেলার তালুকদার ক্লাবের সামনে থেকে তাকে আটক করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, আটক ইদ্রিস হুমায়ূনের বাড়ি রায়পুর উত্তর সরেঙ্গা রাজার পাড়ায়। তিনি মিতু আবদু রহমানের ছেলে।
তার বিরুদ্ধে বিএনপির একটি মিছিলে ককটেল বিস্ফোরণের ঘটনায় মামলা রয়েছে। এ ছাড়াও ছাত্র হত্যায় উসকানি, সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে উসকানিমূলক স্ট্যাটাস প্রদান এবং বিএনপির নেতাকর্মীদের হয়রানির অভিযোগও রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
আটক ইদ্রিস হুমায়ূন দুবাই আল আবির যুবলীগের সদস্য ও সচিব ছিলেন। পাশাপাশি তিনি আখতারুজ্জামান চৌধুরী বাবু ফাউন্ডেশনের ইউএই কেন্দ্রীয় কমিটির দপ্তর সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করছিলেন।
এ বিষয়ে আনোয়ারা থানার ওসি মো. জুনায়েত চৌধুরী জানান, একজন যুবলীগ নেতাকে আটক করা হয়েছে। তাকে আগামীকাল আদালতে পাঠানো হবে।


