ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

অস্ত্র হাতে ভাইরাল শওকত আলী গ্রেপ্তার

চট্টগ্রাম ব্যুরো
প্রকাশিত: জানুয়ারি ৭, ২০২৬, ০৪:৪৮ পিএম
অস্ত্র হাতে গ্রেপ্তার শওকত আলী। ছবি- রূপালী বাংলাদেশ

চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় অস্ত্র হাতে ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়ার ঘটনায় শওকত আলী নামে এক যুবককে গ্রেপ্তার করেছে সেনাবাহিনী ও পুলিশ। 

বুধবার (৭ জানুয়ারি) ভোরে উপজেলার চন্দ্রঘোনা কদমতলী ইউনিয়নের চারাবটতল এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, শওকত আলী অবৈধ অস্ত্রসহ ছবি তুলে তা সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেন। এ ছাড়া তিনি বিভিন্ন এলাকায় অস্ত্র নিয়ে ঘোরাফেরা করে জনমনে আতঙ্ক সৃষ্টি করছিলেন। বিষয়টি নজরে এলে সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে তাকে আটক করা হয়।

তবে অভিযানের সময় তার কাছ থেকে কোনো অস্ত্র উদ্ধার করা সম্ভব হয়নি। পরে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তাকে রাঙ্গুনিয়া মডেল থানায় হস্তান্তর করা হয়। তার বিরুদ্ধে রাঙ্গুনিয়া থানায় একাধিক মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

রাঙ্গুনিয়া মডেল থানার ওসি মোহাম্মদ আরমান হোসেন বলেন, ‘অবৈধ অস্ত্রের ছবি ভাইরাল হওয়ার পর অভিযান চালিয়ে শওকত আলীকে গ্রেপ্তার করা হয়েছে। অভিযানে অস্ত্র উদ্ধার করা না গেলেও তা উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে।’