চট্টগ্রাম-১৪ আসন (চন্দনাইশ ও সাতকানিয়ার একাংশ) থেকে ধানের শীষের প্রার্থী জসীমউদ্দীন আহমেদের নির্বাচনী প্রধান সমন্বয়ক এম এ হাসান রাজুর গাড়িতে গুলিবর্ষণের ঘটনা ঘটেছে।
বৃহস্পতিবার (৮ জানুয়ারি) রাত ১১টার দিকে সাতকানিয়া উপজেলার বাজালিয়া এলাকায় এ ঘটনা ঘটে।
জানা যায়, সাতকানিয়ার পুরানগড় এলাকায় সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন মরহুমা খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় আয়োজিত দোয়া মাহফিল শেষে ফেরার পথে বাজালিয়া এলাকায় পৌঁছালে একদল সন্ত্রাসী রাজুর গাড়ি লক্ষ্য করে গুলি ছোড়ে। এ সময় গাড়িটি দ্রুতগতিতে স্থান ত্যাগ করায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। তবে গুলিতে গাড়ির সামনের ও পাশের কাচ ক্ষতিগ্রস্ত হয়।
এম এ হাসান রাজু অভিযোগ করেন, এলডিপি ও জামায়াতে ইসলামীর লোকজন হত্যার উদ্দেশ্যে এলোপাতাড়ি তিন রাউন্ড গুলি চালায়। ঘটনার পর তিনি সাতকানিয়া থানায় অবস্থান করছেন এবং এ বিষয়ে সাংবাদিক সম্মেলন করবেন বলে জানান।
সংবাদ পেয়ে ঘটনাস্থলে যান আসনটির বিএনপির মনোনীত প্রার্থী আলহাজ জসীমউদ্দীন আহমেদ। তিনি রূপালী বাংলাদেশকে বলেন, আমরা সহিংসতায় বিশ্বাস করি না, ভোটের মাঠেই মূল প্রতিদ্বন্দ্বিতা হওয়া উচিত। চন্দনাইশ ও সাতকানিয়ার মানুষ শান্তিপ্রিয়। তারা কোনোভাবেই সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়াবে বলে আমি বিশ্বাস করি না।
তিনি আরও বলেন, হামলাকারীরা প্রতিপক্ষের ভাড়াটে বহিরাগত অস্ত্রধারী সন্ত্রাসী। কারণ প্রতিদ্বন্দ্বীদের জনবল ও জনসমর্থন কোনোটাই নেই। বিএনপির জনপ্রিয়তায় তারা ভীতসন্ত্রস্ত হয়ে সন্ত্রাসের পথ বেছে নিয়েছে। এলাকার শান্তি নষ্ট করার চেষ্টা করলে জনগণ প্রতিরোধ গড়ে তুলবে।
এ বিষয়ে সাতকানিয়া থানার ওসি বলেন, ঘটনাটি তদন্ত করে জড়িতদের দ্রুত আইনের আওতায় আনা হবে।

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন