ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

বিয়ের পিঁড়িতে বসা হলো না আব্বাসের

আনোয়ারা (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশিত: জানুয়ারি ৯, ২০২৬, ১০:৩৯ এএম
নিহত মো. আলী আব্বাস। ছবি : রূপালী বাংলাদেশ

বিয়ের কয়েক দিন বাকি ছিল। কেনাকাটাসহ সব প্রস্তুতিও সম্পন্ন। কিন্তু বিয়ের পিঁড়িতে বসা হলো না মো. আলী আব্বাসের (২৯)। সড়ক দুর্ঘটনায় প্রাণ হারাতে হলো তাকে।

শুক্রবার (৯ জানুয়ারি) ভোর ৬টার দিকে চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার দৌলতপুর ফাজিল কারহাট বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, একটি মোটরসাইকেলের সঙ্গে যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষ হলে ঘটনাস্থলেই গুরুতর আহত হন মো. আলী আব্বাস। পরে তাকে দ্রুত পাশের একটি হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহত মো. আলী আব্বাস আনোয়ারা উপজেলার ঝিওরী গ্রামের হাফেজ গোলাম শরিফের বাড়ির বাসিন্দা। তিনি উজ্জীবিত মো. মুছার ছেলে।

নিহতের চাচাতো ভাই এন মোহাম্মদ জুনাইদ জানান, কিছুদিনের মধ্যেই আলী আব্বাসের বিয়ে হওয়ার কথা ছিল। এ উপলক্ষে পরিবারের পক্ষ থেকে প্রয়োজনীয় কেনাকাটাসহ সব প্রস্তুতি সম্পন্ন করা হয়েছিল।

ধারণা করা হচ্ছে, তিনি শ্বশুরবাড়ি থেকে আনোয়ারায় নিজ এলাকায় ফেরার পথে দুর্ঘটনার শিকার হন।

মর্মান্তিক দুর্ঘটনায় নিহতের পরিবার ও স্বজনের মাঝে শোকের ছায়া নেমে এসেছে। এলাকাজুড়ে চলছে শোক ও মাতম।

কর্ণফুলী থানার ওসি শাহিনুর আলম বলেন, সকালে আমরা খবর পাই। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। পরে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।