ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

‘চট্টগ্রামের সমাবেশ রাজনৈতিক কর্মসূচি নয়, এটি গণতন্ত্র পুনরুদ্ধারের’

চট্টগ্রাম ব্যুরো
প্রকাশিত: জানুয়ারি ১৮, ২০২৬, ০৭:৩২ পিএম
ছবি- রূপালী বাংলাদেশ

চট্টগ্রাম সিটি কর্পোরেশন (চসিক) মেয়র ডা. শাহাদাত হোসেন বলেছেন, চট্টগ্রামের ঐতিহাসিক পলোগ্রাউন্ড মাঠে আগামী ২৫ জানুয়ারি অনুষ্ঠিতব্য বিএনপির মহাসমাবেশ কোনো সাধারণ রাজনৈতিক কর্মসূচি নয়, এটি গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রামে জনগণের শক্তিশালী অভিপ্রায়ের বহিঃপ্রকাশ। এই সমাবেশের মাধ্যমে গণতন্ত্রের পক্ষে জনতার ঐক্য আরও সুদৃঢ় হবে।

রোববার (১৮ জানুয়ারি) দুপুরে নগরীর ঐতিহাসিক পলোগ্রাউন্ড মাঠ সরেজমিনে পরিদর্শন শেষে তিনি এ মন্তব্য করেন।

মেয়র বলেন, ‘বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে বিএনপি সরকার গঠন করলে আওয়ামী শাসনে বিপর্যস্ত দেশের অর্থনীতি ও গণতান্ত্রিক সংস্কৃতি পুনরুদ্ধারের মাধ্যমে বাংলাদেশ নতুন করে ঘুরে দাঁড়াবে। তারেক রহমানের রাষ্ট্র সংস্কারের দর্শন ও গণতান্ত্রিক আন্দোলনের মধ্য দিয়েই দেশ আবারও অগ্রগতির পথে ফিরবে।’

তিনি আরও বলেন, ‘মহাসমাবেশকে ঘিরে কোনো ধরনের বিশৃঙ্খলা বা জনদুর্ভোগ যেন সৃষ্টি না হয় সে বিষয়ে চট্টগ্রাম সিটি কর্পোরেশন সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। পরিচ্ছন্নতা, শৃঙ্খলা বজায় রাখা এবং নাগরিক ভোগান্তি এড়ানোই আমাদের প্রধান অগ্রাধিকার। শান্তিপূর্ণ ও সুশৃঙ্খলভাবে মহাসমাবেশ সম্পন্ন করতে দলীয় নেতাকর্মীসহ চট্টগ্রাম নগরবাসীর সর্বাত্মক সহযোগিতা প্রয়োজন।’

এ সময় উপস্থিত ছিলেন: চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবুল হাশেম বক্কর, মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক আহমেদুল আলম চৌধুরী রাসেল, সদস্য মো. কামরুল ইসলাম, ওলামা দলের মাওলানা আবদুল হান্নান জিলানী, মহানগর স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক জিয়াউর রহমান জিয়া এবং যুগ্ম আহ্বায়ক মহসিন কবির আপেল প্রমুখ।