মানবতার রাষ্ট্র প্রতিষ্ঠার লক্ষ্যে ইনসানিয়াত বিপ্লবের চট্টগ্রাম-১২ (পটিয়া) সংসদীয় আসনের প্রার্থী আবু তালেব সারতাজ তার নির্বাচনি প্রতীক আপেল নিয়ে আনুষ্ঠানিকভাবে প্রচারণা শুরু করেছেন।
বৃহস্পতিবার বিকেলে পটিয়া পৌরসদরের ঐতিহাসিক শাহ চান্দ আউলিয়া (রহ.) মাজার জিয়ারতের মাধ্যমে প্রচারণা কর্মসূচির সূচনা হয়। জিয়ারত শেষে একটি বর্ণাঢ্য প্রচারণা র্যালি পৌর সদরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ চত্বরে এসে শেষ হয়।
র্যালিতে উপজেলা ইনসানিয়াত বিপ্লবের নেতৃবৃন্দ, ইনসানিয়াত ছাত্রফ্রন্ট ও ছাত্রী ফ্রন্টের নেতৃবৃন্দসহ কয়েকশ নেতাকর্মী অংশগ্রহণ করেন। র্যালি চলাকালে মানবতার রাষ্ট্র প্রতিষ্ঠা, ন্যায়বিচার ও মানবিক রাজনীতির পক্ষে বিভিন্ন স্লোগানে মুখরিত হয়ে ওঠে এলাকা।
র্যালির পর সংক্ষিপ্ত বক্তব্যে ইনসানিয়াত বিপ্লবের প্রার্থী আবু তালেব সারতাজ বলেন, বর্তমান বিশ্বে মূলত দুই ধরনের রাজনীতি বিদ্যমান। অপরাজনীতি ও মানবিক রাজনীতি। দীর্ঘদিন ধরে অপরাজনীতির কারণে মানুষের অধিকার, নিরাপত্তা ও স্বাধীনতা হরণ হয়েছে। আজ সমাজে কেউই নিরাপদ নয়।
তিনি আরও বলেন, ইনসানিয়াত বিপ্লব মানুষের মর্যাদা, ন্যায়বিচার ও মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠার রাজনীতি করে। আমরা ক্ষমতার রাজনীতি নয়, মানুষের কল্যাণের রাজনীতি করতে চাই। পটিয়ার মানুষ যদি আমাকে নির্বাচিত করেন, তাহলে এই জনপদকে একটি মানবিক, নিরাপদ ও ন্যায়ভিত্তিক এলাকায় পরিণত করাই হবে আমার প্রধান অঙ্গীকার।
এ সময় উপস্থিত নেতাকর্মীরা ইনসানিয়াত বিপ্লবের মানবিক রাজনীতির কর্মসূচি বাস্তবায়নে ঐক্যবদ্ধভাবে কাজ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।


সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন