ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

চট্টগ্রাম-১২

এলডিপির প্রার্থীকে সমর্থন জানিয়ে সরে দাঁড়াল জামায়াতের প্রার্থী

চট্টগ্রাম প্রতিনিধি
প্রকাশিত: জানুয়ারি ২৫, ২০২৬, ০৪:২২ এএম
চট্টগ্রাম-১২ (পটিয়া) আসনে এলডিপির প্রার্থীকে সমর্থন দিয়ে নিজেদের প্রার্থী প্রত্যাহার করে নিয়েছে জামায়াত। ছবি: সংগৃহীত

চট্টগ্রাম-১২ (পটিয়া) সংসদীয় আসনে ১১ দলীয় জোটের এলডিপির প্রার্থী শিল্পপতি এম. এয়াকুব আলীকে সমর্থন জানিয়ে ভোটের মাঠ থেকে সরে দাঁড়িয়েছেন জামায়াতে ইসলামীর প্রার্থী ডা. ফরিদুল আলম।

শনিবার (২৪ জানুয়ারি) রাতে চট্টগ্রাম নগরীর নিজস্ব কার্যালয়ে আয়োজিত এক দায়িত্বশীল সভা শেষে এ সিদ্ধান্তের ঘোষণা দেওয়া হয়। এতে সভাপতিত্ব করেন চট্টগ্রাম দক্ষিণ জেলা জামায়াতের নায়েবে আমীর ও চট্টগ্রাম-১২ আসনের পরিচালক অধ্যাপক মুহাম্মদ নুরুল্লাহ।

ডা. ফরিদুল আলমের পক্ষে সিদ্ধান্তের ঘোষণা দেন জরুরি সভার প্রধান অতিথি চট্টগ্রাম দক্ষিণ জেলা জামায়াতের আমীর আনোয়ারুল আলম চৌধুরী। তিনি বলেন, জামায়াতের কেন্দ্রীয় সিদ্ধান্ত অনুযায়ী জোটের বৃহত্তর স্বার্থে চট্টগ্রাম-১২ আসনে এলডিপির প্রার্থী শিল্পপতি এম. এয়াকুব আলীকে সমর্থন জানিয়ে জামায়াত প্রার্থী ডা. ফরিদুল আলম তার মনোনয়ন প্রত্যাহার করেছেন।

তিনি আরও বলেন, এই সিদ্ধান্ত কোনো ব্যক্তি বা নির্দিষ্ট দলের স্বার্থে নয়, বরং বৃহত্তর রাজনৈতিক লক্ষ্য ও জোটের ঐক্যকে সামনে রেখে নেওয়া হয়েছে।

চট্টগ্রাম দক্ষিণ জেলা জামায়াতে ইসলামী প্রচার সেক্রেটারি এডভোকেট আবু নাছের শনিবার রাতে বিষয়টি নিশ্চিত করেন।

দায়িত্বশীল সভায় আরও উপস্থিত ছিলেন জেলা কর্মপরিষদ সদস্য নুরুল হক, মাওলানা আরিফুর রশীদ, আ.ক.ম. ফরিদুল আলম, পটিয়া উপজেলা আমীর জসিম উদ্দিন, কালারপুল সাংগঠনিক থানা আমীর মাস্টার নাছির উদ্দীন, পটিয়া পৌরসভা আমীর মাস্টার সেলিম উদ্দীনসহ উপজেলা ও পৌরসভা পর্যায়ের নেতৃবৃন্দ।