কঠোর নিরাপত্তাব্যবস্থার মধ্যেও চট্টগ্রামে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের জনসভাস্থলের আশপাশ থেকে ১৮টি মাইক ও পাঁচ কয়েল তার চুরির ঘটনা ঘটেছে। এ ঘটনায় রোববার সকালে কোতোয়ালি থানায় লিখিত অভিযোগ করেছেন সংশ্লিষ্ট সাউন্ড সিস্টেমের মালিক।
রোববার (২৫ জানুয়ারি) চট্টগ্রামের ঐতিহাসিক পলোগ্রাউন্ড মাঠে অনুষ্ঠিত বিএনপির জনসভায় ব্যবহারের জন্য ঢাকা থেকে এসব মাইক আনা হয়েছিল। জনসভাকে কেন্দ্র করে পলোগ্রাউন্ড মাঠ ও আশপাশের এলাকায় পুলিশ, র্যাব ও গোয়েন্দা সংস্থার সদস্য মোতায়েন করা হয়। পাশাপাশি নিরাপত্তা নজরদারিতে ড্রোন ওড়ানো হয়।
চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) পক্ষ থেকে অস্ত্র, গোলাবারুদ, বিস্ফোরক দ্রব্য, দাহ্য পদার্থ, লাঠি, ধারালো অস্ত্র, পাথরসহ যেকোনো ঝুঁকিপূর্ণ বস্তু বহন ও ব্যবহার নিষিদ্ধ করা হয়েছিল। তবে এত কড়াকড়ির মধ্যেও চুরির ঘটনা ঘটে।
এ বিষয়ে রাজ সাউন্ড সিস্টেমের মালিক আবদুর রাজ্জাক জানান, জনসভার জন্য প্রায় ২০০টি মাইক স্থাপন করা হয়েছিল। শনিবার রাত ১১টার দিকে একবার মাইকগুলো পরীক্ষা করা হয়। রোববার সকালে পুনরায় পরীক্ষা করতে গিয়ে দেখা যায়, ১৮টি মাইকের ইউনিট ও পাঁচ কয়েল তার নিখোঁজ। বিষয়টি বিএনপির নেতাদের জানালে তারা থানায় অভিযোগ করার পরামর্শ দেন। পরে কোতোয়ালি থানায় লিখিত অভিযোগ দেওয়া হয়।
তিনি আরও জানান, খোয়া যাওয়া মাইকগুলো সমাবেশস্থলের গেটের বাইরে সড়কের বৈদ্যুতিক খুঁটির সঙ্গে প্রায় ১৫ থেকে ১৬ ফুট উচ্চতায় স্থাপন করা ছিল।
কোতোয়ালি থানার ওসি আফতাব উদ্দিনের মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তার সাড়া পাওয়া যায়নি।

