ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

১১ দলীয় জোটের প্রার্থীরা দেশ ও জাতির মুক্তির প্রতীক : আসিফ মাহমুদ

চট্টগ্রাম ব্যুরো
প্রকাশিত: জানুয়ারি ২৬, ২০২৬, ০৬:২০ পিএম
ছবি- রূপালী বাংলাদেশ

১১ দলীয় জোটের প্রার্থীদের দেশ ও জাতির মুক্তির প্রতীক উল্লেখ করে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র ও কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন, ‘৩০০ আসনেই ১১ দলীয় জোটের প্রার্থী ঘোষণা করা হয়েছে। কার কী মার্কা, সেটা দেখার সময় নেই। আমরা শুধু দেখব, কোন প্রার্থী ও কোন জোট এ দেশের মানুষের মুক্তি নিশ্চিত করতে পারে—চোখ বন্ধ করে তাদেরই ভোট দিতে হবে।’

সোমবার (২৬ জানুয়ারি) দুপুরে চট্টগ্রামের বোয়ালখালী উপজেলা সদরে এনসিপির নির্বাচনি পদযাত্রা উপলক্ষে আয়োজিত এক সমাবেশে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, ‘আমাদের একটি ভোটের মধ্যেই এই প্রজন্ম ও আগামী প্রজন্মের স্বাধীনতা ও মুক্তি নিহিত রয়েছে। ভোটের মাধ্যমেই আমাদের ভবিষ্যৎ নির্ধারিত হবে।’

সমাবেশে গণভোটের প্রসঙ্গ টেনে আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া অভিযোগ করেন, পুরোনো ফ্যাসিবাদী শক্তি ও নতুন ফ্যাসিবাদীরা গণভোটে ‘না’ ভোটের পক্ষে ঐক্য গড়েছে। তিনি বলেন, ১২ ফেব্রুয়ারি ‘হ্যাঁ’ ভোটের পক্ষে ব্যালট বিপ্লবের মাধ্যমে সেই ঐক্য নস্যাৎ করে দেওয়া হবে।

তিনি চট্টগ্রাম-৮ (বোয়ালখালী ও নগরীর একাংশ) আসনে ১১ দলীয় জোট ও এনসিপির প্রার্থী জোবাইরুল হাসান আরিফ এবং পার্বত্য জেলা বান্দরবান আসনের প্রার্থী সুজা উদ্দিনকে উপস্থিত জনতার সঙ্গে পরিচয় করিয়ে দেন।

আগামী ১২ ফেব্রুয়ারিকে গুরুত্বপূর্ণ দিন উল্লেখ করে তিনি বলেন, ‘২০২৪ সালের ৫ আগস্ট যেমন একটি ঐতিহাসিক দিন ছিল ১২ ফেব্রুয়ারি তেমনি আরেকটি গুরুত্বপূর্ণ ক্রান্তিকাল। পাঁচ আগস্ট রক্তের বিনিময়ে আমরা ফ্যাসিবাদী শক্তিকে বিদায় করেছি। কিন্তু ১২ ফেব্রুয়ারি আমাদের রক্ত দিতে হবে না—শুধু সিল দিতে হবে।’

গত ১৭ বছরে দেশজুড়ে নির্যাতন, গুম, খুন, চাঁদাবাজি ও সন্ত্রাসের সংস্কৃতি প্রতিষ্ঠিত হয়েছে উল্লেখ করে তিনি বলেন, এই অবস্থা থেকে মুক্তি পেতে হলে এবার রাজপথে নয়, ব্যালটে বিপ্লব ঘটাতে হবে। সেই লক্ষ্যেই ১১টি রাজনৈতিক দল একত্রিত হয়েছে। একটি সিলের মাধ্যমেই শহীদদের রক্তের বিনিময়ে অর্জিত স্বাধীনতা ও অধিকার রক্ষা করা সম্ভব।

এর আগে সকালে চট্টগ্রামের লোহাগাড়া উপজেলায় জুলাই গণ-অভ্যুত্থানে নিহত কিশোর মো. ইশমামুল হক চৌধুরীর কবর জিয়ারতের মাধ্যমে এনসিপির নির্বাচনি পদযাত্রা শুরু হয়। কবর জিয়ারত শেষে সাংবাদিকদের তিনি বলেন, ইশমামুল হকসহ যারা জীবন দিয়েছেন, তাদের স্বপ্নের বাংলাদেশ এই নির্বাচন ও গণভোটের মাধ্যমে বাস্তবায়িত হবে।

এ সময় জাতীয় যুবশক্তির কেন্দ্রীয় আহ্বায়ক তরিকুল ইসলাম, এনসিপির চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক সুজা উদ্দিন এবং চট্টগ্রাম অঞ্চলের তত্ত্বাবধায়ক জোবাইরুল হাসান আরিফ উপস্থিত ছিলেন।