চট্টগ্রামের মিরসরাইয়ে কিশোরীকে নেশাজাতীয় দ্রব্য সেবন করে পালাক্রমে ধর্ষণের ঘটনা ঘটেছে। রোববার (১ ফেব্রুয়ারি) এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে বারইয়ারহাট কলেজ ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক ইমাম হোসেন (২৫) নামে একজনকে আটক করেছে পুলিশ। তিনি বারইয়ারহাট পৌরসভার জামালপুর গ্রামের গিয়াস উদ্দিনের ছেলে।
ধর্ষণের ঘটনায় কিশোরীর মা বাদী হয়ে শনিবার রাতে জোরারগঞ্জ থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেছেন। মামলায় অন্য আসামিরা হলেন হৃদয় (২৫) ও রানা (২৭)।
থানায় দায়েরকৃত মামলার সূত্রে জানা গেছে, গত ২৬ জানুয়ারি সন্ধ্যা সাড়ে ৭টায় বারইয়ারহাট পৌরসভার জামালপুর গ্রামের শাহজাহানের ঘরের পাশে পুকুরপাড়সংলগ্ন বাগানে কিশোরীকে নেশাজাতীয় দ্রব্য সেবন করে পালাক্রমে ধর্ষণ করা হয়। এরপর ঘটনাটি কাউকে না জানাতে হুমকি দিয়ে চলে যায় অভিযুক্তরা।
পরে ঘটনার জানাজানি হলে কোনো ধরনের মামলা না করার জন্য ওই কিশোরীর পরিবারকে চাপ প্রয়োগ করা হয়। পরে শনিবার রাতে তিনজনকে আসামি করে মামলা করেন কিশোরীর মা।
এ বিষয়ে চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রদলের সভাপতি তকিবুল হাসান তকি বলেন, এমন একটি ঘটনা শুনেছি। তদন্ত করে যদি ঘটনার সঙ্গে জড়িত থাকার বিষয়টি সত্য পাওয়া যায়, তাহলে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।
জোরারগঞ্জ থানার ওসি কাজী নাজমুল হক জানান, গণধর্ষণের ঘটনায় ভিকটিমের মা বাদী হয়ে তিনজনকে আসামি করে থানায় একটি মামলা করেছেন। মামলার এজাহারনামীয় আসামি ইমাম হোসেনকে গ্রেপ্তার করা হয়েছে। অন্য আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।


সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন