ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ক্ষমতার পালাবদল নয়, জাতির গতিপথ নির্ধারণের নির্বাচন : জামায়াত আমির

সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশিত: ফেব্রুয়ারি ২, ২০২৬, ০৯:১০ পিএম
বক্তব্য দেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। ছবি : রূপালী বাংলাদেশ

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, ‘আসন্ন নির্বাচন কোনো দল বা সরকারের ক্ষমতা বদলের বিষয় নয়, এটি জাতির ভবিষ্যৎ নির্ধারণ ও দিক পরিবর্তনের নির্বাচন। এই নির্বাচন জুলাই বিপ্লবের আকাঙ্ক্ষা বাস্তবায়নের সুযোগ এবং নারী–পুরুষ নির্বিশেষে সবার জন্য একটি নিরাপদ বাংলাদেশ গড়ার পথ খুলে দেবে।’

সোমবার (২ ফেব্রুয়ারি) বিকেল ৪টায় চট্টগ্রামের সীতাকুণ্ড সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে ১১ দলীয় জোট আয়োজিত নির্বাচনি জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ডা. শফিকুর রহমান বলেন, আগামীর বাংলাদেশ বিনির্মাণে যুবসমাজের ভূমিকা হবে সবচেয়ে গুরুত্বপূর্ণ। কেউ যদি অর্থের বিনিময়ে ভোট কেনার চেষ্টা করে, তাহলে তাকে আইনশৃঙ্খলা বাহিনীর হাতে তুলে দেওয়ার আহ্বান জানান তিনি। অতীতের ভোট কারচুপির সংস্কৃতির সমালোচনা করে তিনি বলেন, ‘আগে শোনা যেত—আমার ভোট আমি দেব, তোমার ভোটও আমি দেব। এবার সেই সংস্কৃতির অবসান ঘটবে। কেউ দুটি ভোট দিতে এলে তার হাত গুটিয়ে দেওয়া হবে।’

চট্টগ্রামকে ‘বীর চট্টলা’ আখ্যা দিয়ে জামায়াত আমির বলেন, এই জনপদের মানুষ চাঁদাবাজি, সন্ত্রাস ও অনিয়ায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতে জানে। তার ভাষায়, ‘আজ পুরো বাংলাদেশ জেগে উঠেছে। টেকনাফ থেকে তেঁতুলিয়া পর্যন্ত আজাদির জোয়ার বইছে।’

স্বাধীনতার পর বহু সরকার এলেও সাধারণ মানুষের ভাগ্যের মৌলিক পরিবর্তন হয়নি উল্লেখ করে তিনি বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শুরু হওয়া আন্দোলন থেমে যাবে না। ‘বাকি চিত্র ইনশাআল্লাহ ১২ ফেব্রুয়ারি দেশবাসী দেখবে,’—বলেন তিনি।

তিনি আরও বলেন, দেশের শিক্ষার্থীরা অত্যন্ত সচেতন ও বিচক্ষণতার পরিচয় দিয়েছে। তারা স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে—‘আমরা ধান্ধাবাজির পক্ষে নই, আমরা ইনসাফের পক্ষে।’ পাঁচটি বিশ্ববিদ্যালয়ে যে চিত্র দেখা গেছে, আগামী ১২ ফেব্রুয়ারি ৫৬ হাজার বর্গমাইলের ১৮ কোটি মানুষের মতামতের প্রতিফলন ঘটবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

জনসভায় ডা. শফিকুর রহমান জানান, ১২ তারিখে তারা নিজেরা ‘হ্যাঁ’ ভোট দেবেন এবং দেশবাসীকেও ‘হ্যাঁ’ ভোট দিতে উদ্বুদ্ধ করবেন। এ সময় তিনি সীতাকুণ্ডসহ চট্টগ্রামের আটটি সংসদীয় আসনের জামায়াত মনোনীত প্রার্থীদের জনসমক্ষে পরিচয় করিয়ে দেন।

চট্টগ্রাম উত্তর জেলা জামায়াতের আমির আলাউদ্দিন শিকদারের সভাপতিত্বে অনুষ্ঠিত জনসভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি মাওলানা মোহাম্মদ শাহজাহান, উত্তর জেলা জামায়াতের সাবেক আমির অধ্যক্ষ আমিরুজ্জামান, অধ্যাপক নুরুল আমিন চৌধুরী এবং উত্তর জেলা শ্রমিক সভাপতি ইউসুফ বিন আবু বকরসহ অন্যান্য নেতৃবৃন্দ।

এ ছাড়া জনসভায় বক্তব্য দেন চট্টগ্রাম-১ আসনের প্রার্থী এডভোকেট ছাইফুর রহমান, চট্টগ্রাম-২ আসনের প্রার্থী অধ্যক্ষ নুরুল আমিন, চট্টগ্রাম-৪ আসনের প্রার্থী আনোয়ার সিদ্দিক চৌধুরী, চট্টগ্রাম-৫ আসনের প্রার্থী নাসির উদ্দিন মনির, চট্টগ্রাম-৬ আসনের প্রার্থী শাহজাহান মঞ্জু এবং চট্টগ্রাম-৭ আসনের প্রার্থী ডা. এটিএম রেজাউল করিমসহ বিভিন্ন পর্যায়ের নেতারা।