চট্টগ্রামে জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানকে কেন্দ্র করে জনপ্রিয় টিভি সিরিজ ‘গেম অব থ্রোনস’-এর আদলে তৈরি একটি ব্যানার সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে।
ব্যানারটি চকবাজার মোড়ের ট্রাফিক বক্সের পাশে এবং হালিশহর বড়পোল এলাকায় লাগানো হয়েছে। এতে বড় অক্ষরে লেখা রয়েছে সিরিজের আলোচিত সংলাপ ‘উইন্টার ইজ কামিং’।
ব্যানারে ডা. শফিকুর রহমানকে এক হাতে দাঁড়িপাল্লা (জামায়াতের প্রতীক) ধরে থাকতে দেখা যায়, পাশে একটি সাদা নেকড়ে অবস্থান করছে। ব্যানারের নিচে কার্টেসি হিসেবে লেখা রয়েছে ‘দাদু ফ্যান ক্লাব, চট্টগ্রাম’।
নগর জামায়াতের পক্ষ থেকে ব্যানারটি কারা লাগিয়েছে, তা নিয়ে আনুষ্ঠানিক কোনো মন্তব্য করা হয়নি। একাধিক নেতা জানান, ব্যানারটির সঙ্গে সাংগঠনিকভাবে জামায়াতের কোনো সম্পর্ক নেই এবং এটি হয়তো ব্যক্তিগত উদ্যোগ বা মজার উদ্দেশ্যে তৈরি করা হয়েছে।
এদিকে, সোমবার (২ ফেব্রুয়ারি) কক্সবাজারের মহেশখালী ও সদর, চট্টগ্রামের লোহাগাড়া ও সীতাকুণ্ড এবং চট্টগ্রাম নগরের বন্দর স্কুল অ্যান্ড কলেজ মাঠে মোট পাঁচটি সমাবেশে জামায়াত আমির ডা. শফিকুর রহমান অংশ নেন। লোহাগাড়ায় অনুষ্ঠিত জনসভায় ‘দাদু ভাই, দাদু ভাই’ স্লোগান দিয়ে সমাবেশ মুখর হয়।


