পবিত্র রমজান মাসে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য স্থিতিশীল রাখা ও বাজার ব্যবস্থাপনা স্বাভাবিক রাখতে চট্টগ্রামের সীতাকুণ্ড পৌরসদর বাজার এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে।
বুধবার (১৮ ফেব্রুয়ারি) অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল মামুন। এ সময় তাঁকে সহযোগিতা করেন স্যানিটারি ইন্সপেক্টর, নিরাপদ খাদ্য পরিদর্শক এবং সীতাকুণ্ড মডেল থানা পুলিশ সদস্যরা।
অভিযানকালে দ্রব্যমূল্যের তালিকা প্রদর্শন না করা, মেয়াদোত্তীর্ণ খাদ্যপণ্য বিক্রি, পণ্যের মোড়কে উৎপাদন ও মেয়াদের তারিখ উল্লেখ না করা, মূল্য তালিকার চেয়ে অতিরিক্ত দামে চাল, তেল ও খেজুর বিক্রি এবং অননুমোদিত সেমাই বিক্রির অভিযোগে তিনটি প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়।
জরিমানাকৃত প্রতিষ্ঠানগুলো হলো- প্রীতি এন্টারপ্রাইজকে ১০ হাজার টাকা, মদিনা এন্টারপ্রাইজকে ১২ হাজার টাকা এবং হাজী এন্ড সন্সকে ৬ হাজার টাকা জরিমানা করা হয়। ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর সংশ্লিষ্ট ধারায় এসব দণ্ড প্রদান করা হয়।
মোবাইল কোর্ট পরিচালনাকারী এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল মামুন জানান, রমজান মাসকে সামনে রেখে বাজার তদারকি কার্যক্রম অব্যাহত থাকবে এবং ভোক্তাদের স্বার্থ সংরক্ষণে নিয়মিত অভিযান পরিচালনা করা হবে।


সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন