চট্টগ্রামের মিরসরাইয়ে নিজের ফসলি জমি থেকে চৌধুরী মিয়া (৪০) নামে এক কৃষকের রক্তাক্ত মরদেহ উদ্ধার করা হয়েছে।
বুধবার (২৫ ফেব্রুয়ারি) সকালে উপজেলার ৮ নম্বর দূর্গাপুর ইউনিয়নের ঠাকুরদিঘি বাজারের উত্তর পাশে একটি ইটভাটা সংলগ্ন নিচু ফসলি জমি থেকে মরদেহটি পাওয়া যায়।
স্থানীয়রা জানান, চৌধুরী মিয়ার শরীরে একাধিক ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। এ ছাড়া তার দুই পা গামছা দিয়ে বাঁধা ছিল।
নিহত চৌধুরী মিয়া দূর্গাপুর ইউনিয়নের ঠাকুরদিঘি এলাকার বাসিন্দা এবং পেশায় একজন কৃষক ছিলেন।
জোরারগঞ্জ থানার ওসি কাজী নাজমুল হক বলেন, ঠাকুরদিঘি এলাকায় এক কৃষকের মরদেহ পড়ে থাকার খবর পেয়ে আমরা ঘটনাস্থলে পৌঁছেছি। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ বিষয়ে তদন্ত চলছে।


