চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার সমুদ্র উপকূলে অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগে তিন ঘণ্টাব্যাপী যৌথ অভিযান পরিচালনা করা হয়েছে। উপজেলার কুমিরা, বাশবাড়িয়া, বাড়বকুণ্ড, গুলিয়াখালীসহ বিভিন্ন সমুদ্র তীরবর্তী এলাকায় এ অভিযান চালানো হয়।
চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ ও উপজেলা প্রশাসনের যৌথ উদ্যোগে পরিচালিত এ অভিযানে নেতৃত্ব দেন বন্দর কর্তৃপক্ষের নির্বাহী ম্যাজিস্ট্রেট সাদিয়া আফরিন কচি এবং সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল মামুন।
অভিযান চলাকালে সমুদ্রে অবৈধভাবে বালু উত্তোলন এবং উত্তোলিত বালু পরিবহনের দায়ে ১৩ জনকে আটক করা হয়। বিভিন্ন অপরাধে জড়িত প্রতিষ্ঠান ও নৌযানের বিরুদ্ধে মোট ৩ লাখ ৩০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
জরিমানাপ্রাপ্তদের মধ্যে রয়েছে— এমবি রাকিব-১ বাল্কহেড (২০ হাজার টাকা), এমবি নাহিদ লাবিব ড্রেজার (মেসার্স মিঞা খান এন্টারপ্রাইজ) ৫০ হাজার টাকা, মেসার্স এম আর ট্রেডার্স ৬০ হাজার টাকা, এমবি আফরা মুন্সী বাল্কহেড ২০ হাজার টাকা, এমবি ফাইজা এন্ড মাইশা ট্রান্সপোর্ট বাল্কহেড ২০ হাজার টাকা, ইয়া আল্লাহ ড্রেজার ৫০ হাজার টাকা, মেসার্স জুনায়েদ এন্টারপ্রাইজ (ড্রেজার) ৫০ হাজার টাকা, একরাম জুনায়েদ বাল্কহেড ২০ হাজার টাকা, এমবি মক্কা মদিনা বাল্কহেড ২০ হাজার টাকা এবং ফারিয়া ঈসা বাল্কহেড ২০ হাজার টাকা।
সীতাকুণ্ড সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল মামুনর বলেন, অভিযুক্তদের সতর্ক করে জানানো হয়েছে। ভবিষ্যতে অবৈধ বালু উত্তোলনের প্রমাণ পাওয়া গেলে সংশ্লিষ্ট সরঞ্জামাদি জব্দসহ দায়ীদের কারাদণ্ড প্রদান করা হবে। এ ছাড়া ইজারা শর্ত ভঙ্গের প্রমাণ মিললে প্রযোজ্য ক্ষেত্রে ইজারা বাতিল করা হবে বলেও জানানো হয়। প্রশাসনের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

