চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চন্দনাইশ অংশে বেপরোয়া গতির হানিফ বাসের চাপায় মো. জাবেদ (২৬) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।
শনিবার (২৮ ফেব্রুয়ারি) দুপুর ১২টার দিকে উপজেলার বাগিচাহাট সংলগ্ন শিকারিরটেক এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
নিহত জাবেদ চন্দনাইশ উপজেলার সাতবাড়ীয়া ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের পূর্ব সাতবাড়ীয়া হাজিরপাড়া এলাকার মৃত রফিক আহমদের ছেলে। তিনি একটি বেসরকারি বীজ কোম্পানিতে কর্মরত ছিলেন।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, শনিবার দুপুরে জাবেদ মোটরসাইকেলযোগে খানহাট এলাকায় যাচ্ছিলেন। মক্কা পেট্রোল পাম্প সংলগ্ন এলাকায় পৌঁছালে কক্সবাজারমুখী একটি দ্রুতগামী হানিফ বাস (ঢাকা মেট্রো-ব, ১৪-২১৩১) সামনের একটি কাভার্ডভ্যানকে ওভারটেক করার চেষ্টা করে। এ সময় বিপরীত দিক থেকে আসা জাবেদের মোটরসাইকেলের সঙ্গে বাসটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই জাবেদের মৃত্যু হয়।
দুর্ঘটনার পরপরই স্থানীয় উত্তেজিত জনতা ঘাতক বাসটি আটক করে ভাঙচুর চালায়। খবর পেয়ে দোহাজারী হাইওয়ে থানার উপ-পরিদর্শক সাত্তার নেতৃত্বাধীন পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং মরদেহ উদ্ধার করে দোহাজারী হাসপাতালে নিয়ে যায়।
দোহাজারী হাইওয়ে থানার ওসি মো. সালাহ উদ্দীন চৌধুরী জানান, ঘাতক বাস ও দুর্ঘটনাকবলিত মোটরসাইকেলটি জব্দ করা হয়েছে। তবে চালক ও হেলপার পালিয়ে যাওয়ায় তাদের আটক করা সম্ভব হয়নি। পরিবারের আবেদনের প্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। এ বিষয়ে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন