ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ঈদ যাত্রা নির্বিঘ্নে পটিয়ায় মোবাইল কোর্ট

পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশিত: মার্চ ১৭, ২০২৬, ০৫:৩৪ পিএম
ছবি- রূপালী বাংলাদেশ

চট্টগ্রামের পটিয়ায় ঈদে ঘরমুখো মানুষের যাত্রা নির্বিঘ্ন করতে উপজেলা প্রশাসন মোবাইল কোর্ট পরিচালনা করেছে।

মঙ্গলবার (১৭ মার্চ) চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের শান্তিরহাট এলাকায় সহকারী কমিশনার (ভূমি) রয়া ত্রিপুরার নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।

অভিযানকালে সড়ক পরিবহন আইন ২০১৮ অনুযায়ী বিভিন্ন গণপরিবহনের ড্রাইভিং লাইসেন্স, রুট পারমিট, ট্যাক্স টোকেন ও রেজিস্ট্রেশন কার্ড যাচাই করা হয়। পাশাপাশি যাত্রীদের সঙ্গে কথা বলে অতিরিক্ত ভাড়া আদায় করা হচ্ছে কিনা এবং ভাড়ার চার্ট প্রদর্শন করা হয়েছে কিনা তাও পরীক্ষা করা হয়।

এ সময় হানিফ ও ঈগলসহ তিনটি গণপরিবহনের বিরুদ্ধে মামলা দিয়ে মোট ১২ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) রয়া ত্রিপুরা বলেন, ‘ঈদ যাত্রা নির্বিঘ্নে জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।’