ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

কিশোরীকে ধর্ষণের পর হত্যার অভিযোগ

চট্টগ্রাম ব্যুরো
প্রকাশিত: মার্চ ২৮, ২০২৬, ০৮:০২ পিএম
হাটহাজারীতে নিখোঁজের দুই দিন পর ১১ বছর বয়সী কিশোরী আরেফিন আক্তারের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ছবি : রূপালী বাংলাদেশ

চট্টগ্রামের হাটহাজারীতে নিখোঁজের দুই দিন পর ১১ বছর বয়সী কিশোরী আরেফিন আক্তারের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। প্রাথমিকভাবে তাকে ধর্ষণের পর হত্যা করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

শনিবার (২৮ মার্চ) দুপুরে উপজেলার আমান বাজারের ইসহাক কলোনি এলাকার একটি তুলার কারখানা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার দুপুরে কারখানাটি থেকে দুর্গন্ধ বের হলে এলাকাবাসীর সন্দেহ হয়। পরে তারা ভেতরে গিয়ে কিশোরীর বিকৃত মরদেহ দেখতে পান এবং পুলিশে খবর দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।

নিহত আরেফিন আক্তার ওই এলাকার বাসিন্দা মোহাম্মদ রবিউল ইসলামের মেয়ে।

পরিবার সূত্রে জানা গেছে, গত ২৬ মার্চ ঘর থেকে বের হওয়ার পর থেকেই নিখোঁজ ছিল আরেফিন। দীর্ঘ সময় খোঁজাখুঁজির পর তাকে না পেয়ে পরিবারের পক্ষ থেকে থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়। দুই দিন পর তার মরদেহ উদ্ধার করা হলো।

স্থানীয়রা জানান, মরদেহের মাথায় আঘাতের চিহ্ন রয়েছে।

হাটহাজারী মডেল থানার ওসি জাহিদুল ইসলাম বলেন, ‘কিশোরীর মরদেহ উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তাকে ধর্ষণের পর হত্যা করে কারখানার ভেতরে লুকিয়ে রাখা হয়েছিল। বিষয়টি তদন্তাধীন, বিস্তারিত পরে জানানো হবে।’

পুলিশ জানায়, ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান শুরু হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহটি হাসপাতালের মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে।