রাজনীতি থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন চট্টগ্রাম দক্ষিণ জেলা এলডিপির সভাপতি ও বিশিষ্ট শিল্পপতি এম এয়াকুব আলী।
রোববার (১২ এপ্রিল) সন্ধ্যায় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি এ ঘোষণা দেন।
ফেসবুক পোস্টে এম এয়াকুব আলী বলেন, ‘রাজনীতি তার জীবনের একটি গুরুত্বপূর্ণ অধ্যায় হলেও বর্তমান বাস্তবতা, ব্যক্তিগত ও পারিবারিক দায়বদ্ধতা এবং ব্যবসায়িক ব্যস্ততার কারণে তিনি রাজনীতি থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন।’
তিনি আরও বলেন, ‘ব্যক্তিগত অর্জনের চেয়ে বৃহত্তর ঐক্য ও আদর্শকে সবসময় বেশি গুরুত্ব দিয়েছেন। দেশের স্বার্থে প্রয়োজন হলে ত্যাগ স্বীকার করাই প্রকৃত রাজনীতি বলে তিনি মনে করেন।’
এলডিপি নেতা বলেন, ‘দল ও দেশের জন্য যতটুকু করতে পেরেছেন, তা নিয়েই তিনি সন্তুষ্ট। ভবিষ্যতে সরাসরি রাজনীতিতে সক্রিয় না থাকলেও দেশ ও সমাজের কল্যাণে কাজ করে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।’
এর আগে তিনি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রথমে এলডিপি এবং পরে জামায়াতের নেতৃত্বে গঠিত জোটের পটিয়া আসন থেকে সংসদ সদস্য প্রার্থী থাকলেও নির্বাচনের শেষ মুহূর্তে এসে জামায়াতকে আসনটি ছেড়ে দেন।



