তীব্র তাপদাহে এসএসসি পরীক্ষার্থী ও পথচারীদের স্বস্তি দিতে বিশুদ্ধ পানি, জুস ও কেক বিতরণ করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) চট্টগ্রাম মহানগর।
মঙ্গলবার (২১ এপ্রিল) দুপুরে চট্টগ্রামের জামালখান এলাকায় ডা. খাস্তগীর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সামনে এ কার্যক্রম পরিচালনা করা হয়। সেখানে পরীক্ষার্থী, অভিভাবক, রিকশাচালক, পথচারী ও শ্রমজীবী মানুষের মধ্যে এসব খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।
এ আয়োজনের উদ্যোগ নেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) চট্টগ্রাম মহানগরের সমন্বয়কারী সদস্য ও মিডিয়া সেলের প্রধান সমন্বয়কারী রিদুয়ান হৃদয়।
রিদুয়ান হৃদয় বলেন, তীব্র তাপপ্রবাহে শিক্ষার্থী ও অভিভাবকদের কিছুটা স্বস্তি দিতে এ উদ্যোগ নেওয়া হয়েছে। এতে কোমলমতি শিক্ষার্থীদের মনে ইতিবাচক প্রভাব পড়ে। সামনে পরীক্ষাগুলোতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।
এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের মহানগর পর্যায়ের সংগঠক সাকিব মিয়াজী, ইম্মি হাসান সজিবসহ অন্যরা।
এ ধরনের উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন পরীক্ষার্থী ও অভিভাবকরা।

