ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

বায়েজিদে জব্দ কুকি-চিনের সেই পোশাক ধ্বংস করল পুলিশ

চট্টগ্রাম ব্যুরো
প্রকাশিত: মে ৬, ২০২৬, ১১:০৫ পিএম
ছবি : সংগৃহীত

চট্টগামের বায়েজিদে গার্মেন্টস থেকে জব্দ করা কুকি-চিনের ৩১ হাজার ৬৭৫ পিস পোশাক ধ্বংস করেছে পুলিশ। আদালতের নির্দেশনা অনুযায়ী ১০০ পিস বিচারিক কার্যক্রমের জন্য সংরক্ষণ করে বাকিগুলো আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।

বুধবার (৬ মে) এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করেছেন নগর পুলিশের সহকারী কমিশনার (জনসংযোগ) আমিনুর রশিদ।

জানতে চাইলে সহকারী কমিশনার (জনসংযোগ) আমিনুর রশিদ জানান, বায়েজিদ থানার মামলার (৪২/১৮.৫.২৫) প্রেক্ষিতে জব্দকৃত বিপুল পরিমাণ আলামত সংরক্ষণে নিরাপত্তা ঝুঁকি এবং স্থান সংকুলানজনিত সমস্যা বিবেচনায় আদালত কর্তৃক ৩১ হাজার ৭৭৫ পিস পোশাক ধ্বংস করার আদেশ প্রদান করা হয়। ১০০ পিস বিচারিক কার্যক্রমের জন্য আদালতের মালখানায় সংরক্ষণ করা হয়েছে।

উল্লেখ্য, ২০২৫ সালের ১৭ মে রাতে চট্টগ্রাম নগরীর বায়েজিদ থানা এলাকার মোজাফফর নগরে অবস্থিত সাতকানিয়ার আমিরখিল গ্রামের বাসিন্দা সাহেদুল ইসলামের রিংভো অ্যাপারেলসের গুদাম থেকে পাহাড়ি সশস্ত্র সংগঠন কুকি-চিন ন্যাশনাল ফ্রন্ট (কেএনএফ)-এর জন্য তৈরি ২০ হাজার ৩০০ পিস ইউনিফর্ম এবং পরবর্তীতে ২৬ মে দিবাগত রাতে বায়েজিদ থানার নয়াহাট এলাকার অন্য একটি গুদাম থেকে আরও ১১ হাজার ৭৮৫টি ইউনিফর্ম জব্দ করা হয়েছিল।