চট্টগ্রামের মীরসরাইয়ে বিদেশে রপ্তানির জন্য নেওয়ার পথে লুণ্ঠিত গার্মেন্টস পণ্য উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় আন্তঃজেলা ডাকাত চক্রের চার সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। একই সঙ্গে লুণ্ঠিত বিপুল পরিমাণ টি-শার্ট ও ডাকাতিতে ব্যবহৃত দুটি পিকআপ ভ্যান জব্দ করা হয়েছে।
শুক্রবার (৮ মে) বিকেলে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে বিষয়টি নিশ্চিত করেন মিরসরাই সার্কেলের সহকারী পুলিশ সুপার মো. নাদিম হায়দার চৌধুরী।
গ্রেপ্তারকৃতরা হলেন- মো. নাজিম মিয়া (২৫), মো. হারুন ওরফে ভাইসাব (২৯), মো. সোহাগ (২২) ও মো. নজরুল ইসলাম (৪৬)।
পুলিশ জানায়, গত ২৩ এপ্রিল ভোর আনুমানিক ৪টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মিরসরাই থানাধীন ওয়াহেদপুর ইউনিয়নের রংধনু ফিলিং স্টেশনের সামনে একটি কাভার্ডভ্যান চালককে জিম্মি করে এই লুটের ঘটনা ঘটে।
নারায়ণগঞ্জের ফতুল্লা থেকে রপ্তানিযোগ্য টি-শার্ট বোঝাই কাভার্ডভ্যানটি চট্টগ্রামের কেডিএস ডিপোর উদ্দেশ্যে যাচ্ছিল। সেখান থেকে পণ্যগুলো ডেনমার্কে পাঠানোর কথা ছিল। পথে ডাকাত চক্র কাভার্ডভ্যান থেকে ৩৪টি কার্টনে থাকা ৬০৯ পিস টি-শার্ট লুট করে নিয়ে যায়।
এ ঘটনায় মেসার্স সিয়াম ট্রান্সপোর্ট এজেন্সির ম্যানেজার মো. আলতাফ হোসেন খান বাদী হয়ে মিরসরাই থানায় মামলা দায়ের করেন। মামলার প্রাথমিক তদন্তে কাভার্ডভ্যান চালক ফরহাদ আলীকে আটক করে পুলিশ।
জিজ্ঞাসাবাদে তিনি স্বীকার করেন, কাভার্ডভ্যান মালিক জহিরুল ইসলামের যোগসাজশে মালামাল আত্মসাৎ ও লুটের নাটক সাজানো হয়েছিল।
পরবর্তীতে মিরসরাই সার্কেলের সহকারী পুলিশ সুপার মো. নাদিম হায়দার চৌধুরীর নেতৃত্বে মিরসরাই থানা পুলিশের একটি বিশেষ টিম চট্টগ্রাম নগরীর বাকলিয়া ও সদরঘাট এলাকায় অভিযান চালিয়ে চারজনকে গ্রেপ্তার করে।
পুলিশ জানায়, গ্রেপ্তারদের দেওয়া তথ্যের ভিত্তিতে রাজধানীর একটি গোডাউন থেকে লুণ্ঠিত ৩৩টি কার্টনে থাকা ৫৯৮ পিস টি-শার্ট উদ্ধার করা হয়। উদ্ধারকৃত পণ্যের আনুমানিক মূল্য ৬ লাখ ৮৭ হাজার ৭০০ টাকা।
এছাড়া ডাকাতির কাজে ব্যবহৃত একটি খোলা পিকআপ ভ্যান (ঢাকা মেট্রো-ন-১১-০৬৪১) এবং গত ২৮ এপ্রিল আরও একটি পিকআপ ভ্যান জব্দ করা হয়েছে।


সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন