ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ঈদের গরু কিনে ফেরার পথে যুবকের মর্মান্তিক মৃত্যু

সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশিত: মে ২৬, ২০২৬, ১২:০৫ পিএম
মো. নাছির উদ্দীন। ছবি : রূপালী বাংলাদেশ

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে কোরবানির গরু কিনে বাড়ি ফিরছিলেন মো. নাছির উদ্দীন। কিন্তু সেই আনন্দযাত্রা আর শেষ পর্যন্ত পৌঁছালো না—ফেরার পথেই সড়ক দুর্ঘটনায় ঝরে গেল তার প্রাণ।

সোমবার (২৫ মে) রাত ৯টার দিকে গরু ক্রয় শেষে বাড়ির উদ্দেশে রওনা দেন তিনি। উপজেলার পাক্কা মাথা এলাকায় একটি দ্রুতগতির কাভার্ডভ্যান ধাক্কা দিলে ঘটনাস্থলেই গুরুতর আহত হন তিনি।

স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে নিকটস্থ হাসপাতালে নেওয়ার চেষ্টা করলেও শেষ রক্ষা হয়নি, পথেই তার মৃত্যু হয়। নিহত যুবক ওভারব্রিজ ফকিরহাট এলাকার পশ্চিমে কালাগাজির বাড়ির জামাল উদ্দিনের ছেলে। 

এই মর্মান্তিক ঘটনায় এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। পরিবার-পরিজন ও স্বজনদের আহাজারিতে পরিবেশ ভারি হয়ে ওঠে। ঈদের আনন্দ মুহূর্তেই পরিণত হয় বিষাদের অশ্রুতে।

স্থানীয়দের দাবি, সড়কে অতিরিক্ত গতির যানবাহন নিয়ন্ত্রণে কার্যকর ব্যবস্থা না নেওয়ায় এমন দুর্ঘটনা বারবার ঘটছে। তারা দ্রুত সড়ক নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।