ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

নির্ধারিত সময়েই বর্জ্যমুক্ত হল চসিক এলাকা : ডা. শাহাদাত 

রূপালী প্রতিবেদক
প্রকাশিত: মে ২৮, ২০২৬, ১০:২৪ পিএম
ছবি : সংগৃহীত

চট্টগ্রাম মহানগরীতে কোরবানির বর্জ্য অপসারণ কার্যক্রম নির্ধারিত ছয় ঘণ্টার মধ্যেই সম্পন্ন হয়েছে বলে জানিয়েছেন চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) মেয়র ডা. শাহাদাত হোসেন।

বৃহস্পতিবার (২৮ মে) সন্ধ্যা সাড়ে ৭টায় চসিকের কন্ট্রোল রুম থেকে কোরবানির বর্জ্য অপসারণ কার্যক্রম শেষ হওয়ার ঘোষণা দেন তিনি।

এ সময় মেয়র বলেন, সকাল ৯টা থেকে তিনি কোরবানির বর্জ্য সংগ্রহ কার্যক্রম তদারকি করেছেন। চসিকের ডাম্প ট্রাক, কম্পেক্টর, পে-লোডারসহ ৩৭৯টি যানবাহন এবং ৩ হাজার ২০০ পরিচ্ছন্নতাকর্মী নগরীর পাড়া-মহল্লায় ঘুরে বর্জ্য সংগ্রহে কাজ করেছেন।

তিনি বলেন, বর্জ্য অপসারণের পাশাপাশি তাৎক্ষণিকভাবে পানি ও ব্লিচিং পাউডার ছিটিয়ে কোরবানির স্থানগুলো পরিষ্কার করা হয়েছে। দুপুর ২টা থেকে মহানগর বিএনপি কার্যালয়ের সামনের এসটিএস থেকে কোরবানির বর্জ্য সংগ্রহের মূল কার্যক্রম শুরু হয় এবং সন্ধ্যা সাড়ে ৭টার মধ্যেই তা সম্পন্ন করা সম্ভব হয়েছে।

মেয়র আরও জানান, নগরের কোথাও বর্জ্য পড়ে থাকলে দামপাড়ায় অবস্থিত কন্ট্রোল রুমে জানানো হলে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হচ্ছে। কিছু এলাকায় বিকেলে কোরবানি দেওয়ার প্রচলন থাকায় সেসব এলাকার বর্জ্য অপসারণেও পদক্ষেপ নেওয়া হয়েছে। এছাড়া অনেকে কোরবানির পরদিন পশু জবাই করেন, সেসব বর্জ্যও অপসারণ করা হবে।

চসিক এলাকার কোথাও কোরবানির পশুর বর্জ্য পড়ে থাকতে দেখা গেলে তা দ্রুত সংশ্লিষ্ট ওয়ার্ড সুপারভাইজারদের জানাতে নগরবাসীর প্রতি আহ্বান জানান মেয়র।

এ সময় চসিকের ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা ও সচিব মো. আশরাফুল আমিন, প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা কমান্ডার ইখতিয়ার উদ্দিন আহমেদ চৌধুরী এবং প্রধান প্রকৌশলী আনিসুর রহমানসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।