দেশীয় ফলের সঙ্গে নতুন প্রজন্মের পরিচিতি বৃদ্ধি এবং পুষ্টিকর খাদ্যাভ্যাস গড়ে তোলার লক্ষ্যে বর্ণাঢ্য আয়োজনে অনুষ্ঠিত হয়েছে টিভি ক্যামেরা জার্নালিস্টস অ্যাসোসিয়েশনের (টিসিজেএ) চট্টগ্রাম শাখার ‘ফল উৎসব-২০২৬’।
বৃহস্পতিবার (১৮ জুন) রাতে নগরীর একটি কমিউনিটি সেন্টারে উৎসবমুখর পরিবেশে এই আয়োজন সম্পন্ন হয়।
সংগঠনের সভাপতি এনামুল হকের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আশরাফুল আলম মামুনের সঞ্চালনায় এই ফল উৎসবের উদ্বোধন করেন চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) মেয়র ডা. শাহাদাত হোসেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম-৯ আসনের সংসদ সদস্য আবু সুফিয়ান। বিশেষ অতিথি ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী অমল কান্তি দাস ও তন্ময় দাস। এছাড়া চট্টগ্রামের বিভিন্ন গণমাধ্যম, সামাজিক ও পেশাজীবী সংগঠনের নেতারা অনুষ্ঠানে অংশ নেন।
অনুষ্ঠানে বক্তারা দেশীয় ফলের পুষ্টিগুণ, স্বাস্থ্যগত উপকারিতা এবং স্থানীয় পর্যায়ে ফল চাষ সম্প্রসারণের গুরুত্ব তুলে ধরেন। তারা বলেন, দেশীয় ফল শুধু সুস্বাদুই নয়, বরং স্বাস্থ্য সুরক্ষায়ও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। নতুন প্রজন্মকে এসব দেশীয় ফলের প্রতি আগ্রহী করে তুলতে টিসিজেএ-এর এমন আয়োজন অত্যন্ত সময়োপযোগী।
পরে অতিথিরা প্রদর্শনীতে রাখা বিভিন্ন প্রজাতির দেশীয় ফল ঘুরে দেখেন এবং আয়োজকদের এমন গঠনমূলক উদ্যোগের প্রশংসা করেন। গণমাধ্যমকর্মী, তাদের পরিবার এবং আমন্ত্রিত অতিথিদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে উৎসবটি এক আনন্দঘন মিলনমেলায় পরিণত হয়। আয়োজকরা জানান, দেশীয় ফলের প্রতি মানুষের আগ্রহ বৃদ্ধি এবং পুষ্টি সচেতনতা গড়ে তুলতেই মূলত এই উদ্যোগ নেওয়া হয়েছে।
অনুষ্ঠানে টিসিজেএ’র সহসভাপতি সনজীব দে বাবু, সহসম্পাদক বাসু দেব, অর্থ সম্পাদক পারভেজ রহমান, সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম, দপ্তর সম্পাদক সাইমুন আল মুরাদ, প্রচার ও প্রকাশনা সম্পাদক নাজিম উদ্দিন এবং নির্বাহী সদস্য রবিউল হোসেন টিপু, জহিরুল ইসলামসহ সংগঠনের অন্য সদস্যরা উপস্থিত ছিলেন।

