চট্টগ্রাম নগরীর কর্ণফুলী থানাধীন মইজ্জ্যারটেক শিকলবাহা এলাকার একটি রিকশার গ্যারেজে উৎপাদন করা হতো সাবান। ডেটলের মোড়কে সেই সাবান বিক্রি হতো বাজারে।
রোববার (১৪ ডিসেম্বর) গোপন সংবাদের ভিত্তিতে তেমনই একটি সাবান ফ্যাক্টরিতে অভিযান চালায় র্যাব-৭ ও বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই)।
অভিযানে কারখানাটি থেকে ডেটল, সলিড, লাইফবয়সহ বিভিন্ন নামিদামি ব্র্যান্ডের বিপুল পরিমাণ নকল সাবান উদ্ধার করা হয়। পাশাপাশি নকল সাবান তৈরির বিভিন্ন কাঁচামাল ও সরঞ্জাম জব্দ করা হয়। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য তিন জনকে আটক করা হয়েছে।
র্যাব-৭-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. হাফিজুর রহমান জানান, অভিযুক্ত স্থানটি বাইরে থেকে রিকশার গ্যারেজ হিসেবে ব্যবহৃত হলেও তার ভেতরে দীর্ঘদিন ধরে একটি চক্র নকল সাবান উৎপাদন ও বাজারজাত করে আসছিল। গোপন তথ্যের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়। তিনি আরও জানান, নকল সাবানগুলো বিভিন্ন নামিদামি প্রতিষ্ঠানের লোগো ব্যবহার করে বাজারে ছাড়া হতো।
বিএসটিআই সূত্রে জানা গেছে, জব্দকৃত সাবান তৈরিতে ব্যবহৃত কেমিকেল মানবদেহের ত্বকের জন্য মারাত্মক ক্ষতিকর। অভিযান শেষে অবৈধ কারখানাটি সিলগালা করে দেওয়া হয়েছে।

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন