নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজার যখন সিন্ডিকেটের দৌরাত্ম্যে সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার বাইরে চলে যাচ্ছে, ঠিক তখনই জনস্বার্থে আমদানি ও ক্রয়মূল্যে পণ্য বিক্রির উদ্যোগ নিয়েছে আলহাজ শামসুল হক ফাউন্ডেশন। এ উদ্যোগের অংশ হিসেবে চট্টগ্রামে যাত্রা শুরু করেছে ফাউন্ডেশনের নতুন কার্যক্রম ‘আশ বাজার’।
রোববার (১৪ ডিসেম্বর) সকাল ১১টায় নগরীর সিআরবিতে আনুষ্ঠানিকভাবে আশ বাজারের স্টলের উদ্বোধন করা হয়। উদ্বোধন করেন আলহাজ শামসুল হক ফাউন্ডেশনের চেয়ারম্যান প্রকৌশলী মুহাম্মদ নাছির উদ্দিন।
আশ বাজারে নিত্যপ্রয়োজনীয় পণ্য আমদানি ও সরাসরি ক্রয়মূল্যে বিক্রি করা হচ্ছে। বাজারে যেখানে হুইল পাউডারের দাম ২৭৫ টাকা, সেখানে আশ বাজারে তা পাওয়া যাচ্ছে মাত্র ১৮০ টাকায়। একইভাবে বাজারে ২৪০ টাকা দামের সাবান এখানে মিলছে ১৩০ টাকায়। সয়াবিন তেলের বাজারমূল্য ৯৬৫ টাকা হলেও আশ বাজারে সেটি বিক্রি হচ্ছে ৯০৫ টাকায়। এ ছাড়া ১৫টিরও বেশি নিত্যপ্রয়োজনীয় পণ্য ন্যায্যমূল্যে পাওয়া যাচ্ছে এই বাজারে। উদ্বোধন উপলক্ষে ক্রেতাদের জন্য রয়েছে ফ্রি হোম ডেলিভারি সুবিধা।
উদ্বোধনী অনুষ্ঠানে ফাউন্ডেশনের চেয়ারম্যান প্রকৌশলী মুহাম্মদ নাছির উদ্দিন বলেন, ‘উৎপাদনকারী পর্যায় থেকে আমরা যে দামে পণ্য সংগ্রহ করছি, সব ধরনের মধ্যস্বত্বভোগী বাদ দিয়ে সরাসরি সাধারণ মানুষের হাতে তা পৌঁছে দিচ্ছি। উদ্বোধনের দিনেই আমরা ব্যাপক সাড়া পেয়েছি, আলহামদুলিল্লাহ।’
উদ্বোধনী দিনে বাজারে আসা এক ক্রেতা বলেন, ‘আলহাজ শামসুল হক ফাউন্ডেশন সবসময় সমাজকল্যাণমূলক কাজে যুক্ত। আশ বাজারে পণ্যের দাম কম, মানও ভালো, যা সাধারণ মানুষের জন্য বড় স্বস্তির।’
আরেক ক্রেতা বলেন, ন্যায্যমূল্যে নিত্যপ্রয়োজনীয় পণ্য পেয়ে খুব ভালো লাগছে। এ ধরনের উদ্যোগ আরও বিস্তৃত হওয়া প্রয়োজন।
ফাউন্ডেশনের পক্ষ থেকে জানানো হয়েছে, ধাপে ধাপে দেশের বিভিন্ন এলাকায় আশ বাজার সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে।



সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন