ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

সিআইপি নির্বাচিত হলেন বিএনপি নেতা শফিকুল ইসলাম রাহী

রূপালী ডেস্ক
প্রকাশিত: ডিসেম্বর ১৫, ২০২৫, ০৭:১৩ পিএম
ছবি- রূপালী বাংলাদেশ

দেশের রপ্তানি, বাণিজ্য ও বৈদেশিক মুদ্রা আয়ে বিশেষ অবদান রাখায় কমার্শিয়াল ইম্পর্ট্যান্ট পারসন (সিআইপি) হিসেবে নির্বাচিত হয়েছেন বিএনপি নেতা শফিকুল ইসলাম রাহী। তিনি চট্টগ্রাম-১৪ (চন্দনাইশ–সাতকানিয়া আংশিক) সংসদীয় আসন থেকে ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী।

সংযুক্ত আরব আমিরাত থেকে নিয়মিতভাবে ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে রেমিট্যান্স পাঠিয়ে বৈদেশিক মুদ্রা অর্জনে শীর্ষ অবদান রাখার স্বীকৃতিস্বরূপ প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় তাকে ২০২৪-২৫ অর্থবছরের জন্য সিআইপি হিসেবে মনোনীত করে। এই সম্মাননা অনুযায়ী তিনি ২০২৬ ও ২০২৭-এই দুই বছর সিআইপি মর্যাদা ভোগ করবেন।

শফিকুল ইসলাম রাহী সাতকানিয়া উপজেলার খাগরিয়া ইউনিয়নের মরহুম মোহাম্মদ এনু মিয়া ও মরহুমা আয়শা খাতুনের সন্তান। তিনি সংযুক্ত আরব আমিরাতের আজমানে অবস্থিত ‘রাহী ওয়ান ট্রাভেলস’-এর মাধ্যমে সফলভাবে ব্যবসা পরিচালনার পাশাপাশি বৈধ ব্যাংকিং চ্যানেলে বৈদেশিক মুদ্রা দেশে পাঠিয়ে স্বনির্ভর বাংলাদেশ গঠনে ভূমিকা রেখে চলেছেন।

রাজনৈতিক ও সাংগঠনিক জীবনে তিনি চট্টগ্রাম দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি এবং আরাফাত রহমান কোকো স্মৃতি সংসদের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।

ব্যক্তিগত ও সামাজিক জীবনে শফিকুল ইসলাম রাহী এনু মিয়া-আয়শা খাতুন ফাউন্ডেশনের চেয়ারম্যান। তিনি শফিকুল ইসলাম রাহী এতিমখানা ও হিফজখানা এবং শফিকুল ইসলাম রাহী দাখিল মাদ্রাসার প্রতিষ্ঠাতা। পাশাপাশি মানবিক সংগঠন ‘সহমর্মিতা ফাউন্ডেশন’-এর প্রতিষ্ঠাতা সভাপতিও তিনি।

এ ছাড়া তিনি সংযুক্ত আরব আমিরাতে অবস্থিত বাংলাদেশ দূতাবাসের ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের সদস্য, চট্টগ্রাম চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সদস্যসহ বিভিন্ন সামাজিক, শিক্ষা ও সেবামূলক প্রতিষ্ঠানের সঙ্গে সক্রিয়ভাবে সম্পৃক্ত রয়েছেন।