চট্টগ্রাম জেলা পুলিশ লাইনসের সিভিক সেন্টারে মহান স্বাধীনতা যুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ চট্টগ্রাম জেলায় জন্মগ্রহণকারী পুলিশ বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারবর্গকে সম্মাননা প্রদান করেছে জেলা পুলিশ।
বুধবার (১৭ ডিসেম্বর) ‘পুলিশ বীর মুক্তিযোদ্ধা সংবর্ধনা’ শীর্ষক অনুষ্ঠানে মোট ৩৮ জন পুলিশ বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারবর্গকে সংবর্ধনা ও সম্মাননা প্রদান করেন পুলিশ সুপার (এসপি) মোহাম্মাদ নাজির আহমেদ খাঁন।
তিনি বলেন, ‘মহান মুক্তিযুদ্ধে পুলিশ বাহিনীর বীর সদস্যদের আত্মত্যাগ ও সাহসিকতা ইতিহাসের পাতায় চিরভাস্বর হয়ে থাকবে। তাদের রক্ত ও ত্যাগের বিনিময়েই আমরা একটি স্বাধীন ও সার্বভৌম বাংলাদেশ পেয়েছি। পুলিশ বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যরা আমাদের জন্য গর্ব ও অনুপ্রেরণার চিরন্তন উৎস।’
তিনি আরও বলেন, ‘পুলিশ বীর মুক্তিযোদ্ধাগন এ দেশের সূর্য সন্তান। মুক্তিযুদ্ধের চেতনা ধারণ করে দেশ ও জনগণের কল্যাণে কাজ করাই বর্তমান ও ভবিষ্যৎ প্রজন্মের পুলিশ সদস্যদের নৈতিক দায়িত্ব।’
উক্ত সংবর্ধনা অনুষ্ঠানে পুলিশ বীর মুক্তিযোদ্ধাগণ তাদের বক্তব্যে মহান স্বাধীনতা যুদ্ধে পুলিশের অসামান্য সাহসিকতা, আত্মত্যাগ এবং দেশমাতৃকার মুক্তির জন্য তাদের গুরুত্বপূর্ণ ভূমিকার স্মৃতিচারণ করেন, যা উপস্থিত সকলের হৃদয়কে আবেগাপ্লুত করে তোলে।
এ সময় চট্টগ্রাম জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দসহ অন্যান্য আমন্ত্রিত অতিথিগণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।



