ঘন কুয়াশা ও হিমেল বাতাসে কাঁপছে দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের সীমান্তবর্তী জেলা চুয়াডাঙ্গা। কয়েক দিন ধরেই এই জেলায় সকাল-সন্ধ্যায় তাপমাত্রার তারতম্য বেশি অনুভূত হচ্ছে। মেঘলা আকাশ, ঘন কুয়াশা ও হিমেল বাতাসে জেলায় শীতের তীব্রতা বেড়েছে।
দিনভর রোদের অভাবে জনজীবনে নেমে এসেছে স্থবিরতা। সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছেন ছিন্নমূল, খেটে খাওয়া শ্রমজীবী ও নিন্ম আয়ের মানুষ।
আজ বুধবার (২৪ ডিসেম্বর) সকালে চুয়াডাঙ্গায় সর্বনিন্ম তাপমাত্রা রেকর্ড করা তাপমাত্রা ছিল ১০ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস এ সময় বাতাসের আদ্রতা ছিল ৯৫ শতাংশ।
জেলা আঞ্চলিক আবহাওয়া অফিস জানিয়েছে, গত কয়েক দিন ধরে জেলার তাপমাত্রা ধারাবাহিকভাবে কমছে। আকাশ মেঘলা থাকায় সূর্যের দেখা না মেলায় দিন ও রাতের তাপমাত্রার ব্যবধান কমে গেছে। এতে শীতের অনুভূতি আরও বেড়েছে।
এদিকে শীত বাড়ার সঙ্গে সঙ্গে বিপাকে পড়েছেন খেটে খাওয়া মানুষজন। এ ছাড়া হাসপাতালে শীতজনিত রোগীর সংখ্যাও বাড়ছে।
চুয়াডাঙ্গা সদর হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, গত সপ্তাহের তুলনায় শিশুদের ডায়রিয়া, সর্দি-কাশি, নিউমোনিয়া ও শ্বাসকষ্টের রোগী বেড়েছে। বিশেষ করে রোটা ভাইরাসজনিত ডায়রিয়া আক্রান্তের সংখ্যা বাড়ছে।


