টানা দুই দিন চুয়াডাঙ্গায় মাঝারি শৈত্যপ্রবাহ অব্যাহত রয়েছে। হিম শীতল বাতাস ও কুয়াশার কারণে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। প্রতিদিনই কমছে তাপমাত্রা। তীব্র শীতের কাছে অসহায় হয়ে পড়েছে সব শ্রেণি-পেশার মানুষ।
বুধবার (৭ জানুয়ারি) সকাল ৯টায় চুয়াডাঙ্গায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৬.৯ ডিগ্রি সেলসিয়াস। চুয়াডাঙ্গা আবহাওয়া অফিসের কর্মকর্তা জামিনুর রহমান বিষয়টি জানান।
তিনি জানান, চুয়াডাঙ্গার ওপর দিয়ে মাঝারি শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। তাপমাত্রা ৭ থেকে ৯ ডিগ্রির মধ্যে ওঠানামা করছে। বুধবার সকাল ৯টায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৬.৯ ডিগ্রি সেলসিয়াস এবং বাতাসের আর্দ্রতা ছিল ৯৭ শতাংশ।
মঙ্গলবার সকাল ৬টায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৭.৫ ডিগ্রি সেলসিয়াস। ঠান্ডা বাতাস ও কুয়াশার কারণে শীত আরও বেশি অনুভূত হচ্ছে। দিনে তাপমাত্রা কমে আসছে এবং বেশির ভাগ সময় সূর্যের দেখা মিলছে না।
প্রতিদিন বিকেল থেকেই সড়কে মানুষের উপস্থিতি কমে আসছে। শীতে সব শ্রেণি-পেশার মানুষের অবস্থা নাজুক। প্রয়োজন ছাড়া মানুষ ঘরের বাইরে বের হচ্ছে না। দিনে ও রাতে হিম শীতল বাতাস বইতে থাকে।


