ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

চুয়াডাঙ্গায় বিএনপির হামলায় জামায়াত কর্মী নিহত

চুয়াডাঙ্গা প্রতিনিধি
প্রকাশিত: মার্চ ১, ২০২৬, ১০:৫৫ এএম
চুয়াডাঙ্গায় জামায়াত-বিএনপি সংষর্ষে নিহত ১। ছবি : রূপালী বাংলাদেশ

চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার হাসাদাহে স্থানীয় জামায়াতে ইসলামী ও বিএনপির নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে।

শনিবার (২৮ ফেব্রুয়ারি) ইফতারের পরে হাসাদাহ মডেল কামিল মাদ্রাসার সামনে এ ঘটনা ঘটে। এতে জামায়াতে ইসলামীর একজন নিহত হন। এ ঘটনায় জামায়াতে ইসলামী ও বিএনপির অন্তত পাঁচ নেতাকর্মী আহত হয়েছেন বলে জানা গেছে।

সংঘর্ষের ঘটনায় গুরুতর আহতদের জীবননগর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এর মধ্যে জামায়াতে ইসলামীর একজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে যশোর সদর হাসপাতালে রেফার করা হয়।

আহতরা হলেন- জীবননগর উপজেলার সুটিয়া গ্রামের মৃত ওহাবের ছেলে হাফিজুর রহমান (৪৫), মফিজুর রহমান (৪০) ও একই গ্রামের মৃত গোপাল মণ্ডলের ছেলে খায়রুল ইসলাম (৫০), মেহেদী হাসান ও তার পিতা জসিম উদ্দীন। 

আহতদের মধ্যে হাফিজুর রহমানের (৪৫) অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য যশোর সদর হাসপাতালে নেওয়ার পথে মৃত্যু হয়। নিহত হাফিজুর বাঁকা ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমির মফিজুর রহমানের বড় ভাই।

সন্ধ্যা থেকে হাসাদাহ বাজার এলাকার অবস্থা থমথমে ছিল। জামায়াত ও বিএনপি মুখোমুখি অবস্থান নেওয়ায় এলাকায় আতঙ্ক বিরাজ করছিল। যেকোনো সময় বড় ধরনের রক্তক্ষয়ী ঘটনা ঘটতে পারে বলে আশঙ্কা করছিলেন স্থানীয়রা।

খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয় জীবননগর থানার একটি টিম। জীবননগর থানার ওসি সোলাইমান শেখ বলেন, হাসাদহে জামায়াত ও বিএনপির দুই গ্রুপের সংঘর্ষের খবর পেয়ে সেখানে পুলিশ মোতায়েন করা হয়েছে। পুলিশ ঘটনাস্থলে আছে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে। আহতদের উদ্ধার করে চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে। তবে পরিবেশ এখন অনেকটাই শান্ত।