ঢাকা বৃহস্পতিবার, ০৯ জুলাই, ২০২৬

চুয়াডাঙ্গায় জমির বিরোধে বৃদ্ধকে পিটিয়ে হত্যা

চুয়াডাঙ্গা প্রতিনিধি
প্রকাশিত: জুলাই ৯, ২০২৬, ১২:৫৫ পিএম
প্রতীকী ছবি

চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় জমিজমা-সংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় পলান (৮০) নামের এক বৃদ্ধ নিহত হয়েছেন। ৯ জুলাই বৃহস্পতিবার সকাল ৯টার দিকে উপজেলার গোবিন্দপুর তামালতলা গ্রামে এই ঘটনা ঘটে। নিহত পলান ওই গ্রামের মৃত ছয়রদ্দিনের ছেলে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে জমিজমা নিয়ে পলানের পরিবারের সঙ্গে বিরোধ চলে আসছিল প্রতিবেশী ইদবার মহুরি, নেকবার, মজিবর, আকবারের সাথে। সকালে ওই বিরোধপূর্ণ জমির জেরে প্রতিপক্ষের লোকজন তার ওপর হামলা চালায়। এতে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে রক্তাক্ত ও গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে আলমডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে (হারদি হাসপাতাল) নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে আলমডাঙ্গা থানার ওসি জানিয়েছেন, খবর পেয়ে পুলিশ হাসপাতাল থেকে লাশ উদ্ধার করেছে। ময়নাতদন্তের জন্য মরদেহ চুয়াডাঙ্গা সদর হাসপাতাল মর্গে পাঠানোর ব্যবস্থা করা হচ্ছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে। ঘটনার সাথে জড়িতদের আটকে অভিযান শুরু করেছে পুলিশ।