ঢাকা বৃহস্পতিবার, ০৯ জুলাই, ২০২৬

কেক খাওয়ানোর প্রলোভন দেখিয়ে ৭ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ

চারঘাট (রাজশাহী) প্রতিনিধি
প্রকাশিত: জুলাই ৯, ২০২৬, ১২:৪৩ পিএম
ছবি- রূপালী বাংলাদেশ

চারঘাটে কেক খাওয়ানোর প্রলোভন দেখিয়ে প্রথম শ্রেণিপড়ুয়া এক শিশু শিক্ষার্থীকে (৭) জোরপূর্বক ধর্ষণের অভিযোগ উঠেছে এক প্রতিবেশী যুবকের বিরুদ্ধে।

বুধবার (৮ জুলাই) দুপুর ২টার দিকে রাজশাহীর চারঘাট এলাকায় এ ঘটনা ঘটে।

​অভিযুক্ত যুবকের নাম শ্রী দেব (২২)। সে ওই এলাকার শ্রী জয়ের ছেলে। ঘটনার পর থেকেই অভিযুক্ত দেব পলাতক।

​স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, দুপুরে শিশুর মা গোসল করানোর জন্য শিশুটিকে খোঁজাখুঁজি করছিলেন। একপর্যায়ে তিনি প্রতিবেশী দেবের বাড়ির বারান্দায় শিশুটিকে রক্তাক্ত অবস্থায় ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদতে দেখেন।

​কান্নার কারণ জিজ্ঞাসা করলে শিশুটি তার মাকে জানায়, বাড়িতে কেউ না থাকার সুযোগে দেব তাকে কেক খাওয়ানোর কথা বলে ঘরের ভেতর ডেকে নিয়ে যায়। এরপর ঘরের দরজা বন্ধ করে তাকে জোরপূর্বক ধর্ষণ করে। শিশুটির মায়ের উপস্থিতি টের পেয়ে অভিযুক্ত দেব কৌশলে বাড়ি থেকে পালিয়ে যায়।

​ঘটনার পরপরই স্বজন ও প্রতিবেশীরা আহত অবস্থায় শিশুটিকে উদ্ধার করে চারঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে চিকিৎসক তাকে উন্নত চিকিৎসা ও প্রয়োজনীয় ফরেনসিক পরীক্ষার জন্য দ্রুত রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে প্রেরণ করেন। বর্তমানে শিশুটি সেখানে চিকিৎসাধীন।

এ ঘটনায় চারঘাট এলাকায় তীব্র ক্ষোভ এবং চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয় এলাকাবাসী এই জঘন্য অপরাধের বিচার দাবি করে দেবের বাড়িতে তালা লাগিয়ে দিয়েছে।

এ বিষয়ে চারঘাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মালেক জানান, বিষয়টি আমাদের নজরে আসার সাথে সাথে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। আইনি কার্যক্রম প্রক্র‍িয়াধীন।