ঢাকা বৃহস্পতিবার, ০৯ জুলাই, ২০২৬

শাহে আলমের মাধ্যমে প্রধানমন্ত্রীকে বিতর্কিত করার চেষ্টা চলছে: রাশেদ খাঁন

রূপালী প্রতিবেদক
প্রকাশিত: জুলাই ৯, ২০২৬, ০২:০২ পিএম
রাশেদ খাঁন। ছবি : সংগৃহীত

স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলমকে প্রধানমন্ত্রী তারেক রহমানের ঘনিষ্ঠ ব্যক্তি হিসেবে তুলে ধরে তাকে বিতর্কিত করার চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন রাশেদ খাঁন। তার দাবি, মীর শাহে আলমকে ঘিরে নেতিবাচক প্রচারণার মাধ্যমে মূলত প্রধানমন্ত্রীকে প্রশ্নবিদ্ধ করার পরিকল্পনা করা হচ্ছে।

বুধবার (৭ জুলাই) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে রাশেদ খাঁন এ অভিযোগ করেন।

পোস্টে তিনি উল্লেখ করেন, বিভিন্ন টকশোতে বিরোধী পক্ষের বক্তব্যে মীর শাহে আলমকে প্রধানমন্ত্রীর ‘বন্ধু’ হিসেবে উপস্থাপন করতে দেখা গেছে। বিষয়টি নিয়ে তার মধ্যে আগে সংশয় থাকলেও পরে মীর শাহে আলম নিজেই বিষয়টি পরিষ্কার করেছেন বলে জানান তিনি।

রাশেদ খাঁনের ভাষ্য অনুযায়ী, মীর শাহে আলম জানিয়েছেন, তিনি প্রধানমন্ত্রীর চেয়ে বয়সে ছোট এবং তাদের মধ্যে স্কুল বা কলেজ জীবনের কোনো সহপাঠী সম্পর্ক ছিল না। রাজনৈতিক কর্মকাণ্ডের সূত্র ধরেই তাদের পরিচয় ও সম্পর্ক তৈরি হয়েছে।

তিনি বলেন, একজন সরকারি দায়িত্বশীল ব্যক্তি হিসেবে মীর শাহে আলমের কর্মকাণ্ডের সমালোচনা হতে পারে, তবে ভুল তথ্য ছড়িয়ে সমালোচনা করা গ্রহণযোগ্য নয়। তার দাবি, স্থানীয় সরকার মন্ত্রণালয়ের উন্নয়ন বরাদ্দের তথ্য নিয়ে বিভ্রান্তিকর প্রচারণা চালানো হয়েছে। তিনি অভিযোগ করেন, বগুড়ায় সর্বোচ্চ বরাদ্দ দেওয়া হয়েছে এমন দাবি করা হলেও প্রকৃত তথ্য ভিন্ন।

রাশেদ খাঁন আরও বলেন, মীর শাহে আলমের কোনো ভুল থাকলে তার সমালোচনা করা হবে, তবে উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ন করার একটি কৌশল হতে পারে।

তিনি জানান, প্রধানমন্ত্রীর নির্দেশনায় মীর শাহে আলম বিরোধীদলীয় নেতা ও জামায়াতের আমিরের সঙ্গে ঢাকা-১৫ আসনের উন্নয়ন বিষয়ক সমন্বয় সভা করেছেন। এর আগে ওই এলাকার উন্নয়ন কার্যক্রম নিয়েও বিভিন্ন পর্যায়ে কাজ করেছেন। কিন্তু এসব উদ্যোগের প্রশংসা না করে তাকে রাজনৈতিকভাবে আক্রমণের লক্ষ্যবস্তু করা হচ্ছে বলে অভিযোগ করেন তিনি।

রাশেদ খাঁনের দাবি, মীর শাহে আলমকে বিতর্কিত করার মাধ্যমে প্রধানমন্ত্রীকে ক্ষতিগ্রস্ত করার চেষ্টা চলছে। পাশাপাশি তিনি অভিযোগ করেন, আওয়ামী লীগ ও তাদের সমর্থকরাও মীর শাহে আলমের বিরুদ্ধে সক্রিয়, কারণ তিনি এর আগে মন্তব্য করেছিলেন যে আওয়ামী লীগ বাংলাদেশে রাজনীতি করতে পারবে না।

তিনি আরও বলেন, বর্তমান বিরোধী পক্ষ ও আওয়ামী লীগ দুই পক্ষই নিজেদের রাজনৈতিক স্বার্থে মীর শাহে আলমকে ঘিরে প্রচারণায় যুক্ত হয়েছে।