প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এ কে এম শামছুল ইসলাম, পিএসসি, জি-এর সঙ্গে বাংলাদেশে নিযুক্ত গণপ্রজাতন্ত্রী চীনের রাষ্ট্রদূত ইয়াও মেন সৌজন্য সাক্ষাৎ করেছেন।
বৃহস্পতিবার (৯ জুলাই) ঢাকা সেনানিবাসে সশস্ত্র বাহিনী বিভাগের প্রতিরক্ষা উপদেষ্টার কার্যালয়ে অনুষ্ঠিত এ বৈঠক অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ পরিবেশে সম্পন্ন হয়।
বৈঠকে উভয় পক্ষ বাংলাদেশ ও চীনের দীর্ঘদিনের ঐতিহাসিক ও বন্ধুত্বপূর্ণ সম্পর্কের কথা স্মরণ করেন। এ সময় দুই দেশের বিদ্যমান প্রযুক্তিগত ও সামরিক সহযোগিতা আরও সম্প্রসারণ এবং কৌশলগত অংশীদারিত্বকে নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার বিষয়ে বিস্তারিত মতবিনিময় হয়।
আলোচনায় বাংলাদেশ সশস্ত্র বাহিনীর সদস্যদের জন্য চীনে উচ্চতর প্রশিক্ষণের সুযোগ বৃদ্ধি, প্রযুক্তি হস্তান্তরের মাধ্যমে প্রতিরক্ষা খাতে স্বনির্ভরতা অর্জন এবং প্রতিরক্ষা সক্ষমতা উন্নয়নের বিভিন্ন বিষয় গুরুত্ব পায়। পাশাপাশি প্রথাগত সামরিক সহযোগিতার পাশাপাশি সাইবার স্পেসের নিরাপত্তা নিশ্চিত করতে যৌথ উদ্যোগ গ্রহণের ওপরও জোর দেওয়া হয়।
বৈঠকে বৈশ্বিক ও আঞ্চলিক ভূ-রাজনৈতিক পরিস্থিতি নিয়েও আলোচনা হয়। এ সময় এশিয়া অঞ্চলে শান্তি, স্থিতিশীলতা ও নিরাপত্তা বজায় রাখতে বাংলাদেশ ও চীন একযোগে কাজ করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করে।
প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা বাংলাদেশের অবকাঠামো উন্নয়ন ও প্রতিরক্ষা খাতে চীনের ধারাবাহিক সহযোগিতার প্রশংসা করেন। অপরদিকে, রাষ্ট্রদূত ইয়াও মেন বাংলাদেশ সশস্ত্র বাহিনীর আধুনিকায়নে বর্তমান সরকারের গৃহীত পদক্ষেপের ভূয়সী প্রশংসা করেন এবং ভবিষ্যতেও দুই দেশের প্রতিরক্ষা সহযোগিতা আরও জোরদার করার প্রত্যয় ব্যক্ত করেন।


