কক্সবাজারের টেকনাফে রোহিঙ্গা ক্যাম্পে আগুনের ঘটনা ঘটেছে।
রোববার (২৮ ডিসেম্বর) রাত সাড়ে ১০টার দিকে হ্নীলা ইউনিয়নের লেদা ও আলীখালীর ২৪-২৫ নম্বর রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালাচ্ছে।
টেকনাফ লেদা ডেভেলপমেন্ট ব্যবস্থাপনা কমিটির সভাপতি মোহাম্মদ আলম বলেন, ‘ক্যাম্পের বাসিন্দা ফাতেমার ঘরে ফোন চার্জার থেকে আগুনের সূত্রপাত হতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। আমরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর চেষ্টা করছি। ফায়ার সার্ভিসও কাজ করছে।’
লেদা রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা সৈয়দ আলম জানান, ‘হঠাৎ করে ক্যাম্পে আগুন লেগেছে। ফায়ার সার্ভিস কাজ করছে, আমরা নিজেরা লোকজনকে ছড়িয়ে দিয়ে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করছি। তবে ২৫-৩০টির বেশি ঘর পুড়ে গেছে। এখনো আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি।’
ক্যাম্পের অন্য বাসিন্দা নুর আকম মো. আলম বলেন, ‘একটি ঝুপড়ি ঘরে আগুন লেগেছে। আমরা সবাই মিলে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছি। আগুনের তীব্রতা অনেক বেশি, তবে সঠিক কারণ এখনও নিশ্চিত করা যায়নি।’
১৬-আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) অধিনায়ক অতিরিক্ত ডিআইজি মুহাম্মদ কাউছার সিকদার বলেন, ‘আলীখালী ও লেদা রোহিঙ্গা ক্যাম্পের মধ্যবর্তী এলাকায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে আনার জন্য সংশ্লিষ্ট সবাই সম্মিলিতভাবে কাজ করছে। পরবর্তী সময়ে বিস্তারিত তথ্য জানানো হবে।’

-20251228232749.webp)
সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন