কক্সবাজারের দ্বীপ উপজেলা কুতুবদিয়ায় অবশেষে সি-ট্রাক চালুর মধ্য দিয়ে সূচিত হলো আধুনিক ও নিরাপদ যোগাযোগ ব্যবস্থার নতুন অধ্যায়। এতে দ্বীপবাসীর যাতায়াতের পাশাপাশি পর্যটন ও সামগ্রিক অর্থনৈতিক বিকাশে গতি সঞ্চার হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন সংশ্লিষ্টরা।
রোববার (২৫ জানুয়ারি) দুপুরে পেকুয়ার মগনামা–কুতুবদিয়া নৌরুটে আনুষ্ঠানিকভাবে সি-ট্রাক চলাচলের উদ্বোধন করেন নৌপরিবহন উপদেষ্টা অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল এম. সাখাওয়াত হোসেন। সি-ট্রাক চালু হওয়ায় উচ্ছ্বসিত হয়ে ওঠেন কুতুবদিয়া দ্বীপের বাসিন্দারা।
বঙ্গোপসাগরের বুকে জেগে ওঠা দ্বীপ উপজেলা কুতুবদিয়া ২১৬ বর্গকিলোমিটার আয়তনের একটি ঘনবসতিপূর্ণ এলাকা। এখানে প্রায় দুই লাখ মানুষের বসবাস। দীর্ঘদিন ধরে দ্বীপটিতে যাতায়াতের একমাত্র মাধ্যম ছিল কাঠের নৌকা, ট্রলার, ড্যানিশ বোট ও স্পিডবোট। কুতুবদিয়ার বড়ঘোপ ও দরবার ঘাটের সঙ্গে যোগাযোগের প্রধান পথ পেকুয়ার মগনামা ঘাট।
প্রায় ৫ কিলোমিটার দীর্ঘ কুতুবদিয়া চ্যানেলের উত্তাল সাগরপথ পাড়ি দিয়ে প্রতিদিন দ্বীপের হাজারো মানুষ, সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী ও পর্যটক যাতায়াত করতেন। তবে সাগর উত্তাল হলে যাত্রীদের পড়তে হতো চরম ভোগান্তিতে। বর্ষা মৌসুমে এই নৌপথ হয়ে উঠত ঝুঁকিপূর্ণ। এ অবস্থায় দীর্ঘদিন ধরেই মগনামা–কুতুবদিয়া নৌরুটে সি-ট্রাকসহ নিরাপদ নৌযান চালুর দাবি জানিয়ে আসছিল দ্বীপবাসী।
অবশেষে সেই দাবি বাস্তবায়ন হওয়ায় স্থানীয়দের মধ্যে স্বস্তি ফিরেছে। সি-ট্রাক চালু হলেও ভবিষ্যতে ফেরি চালুর দাবিও জানিয়েছেন তারা।
উদ্বোধন শেষে নৌপরিবহন উপদেষ্টা এম. সাখাওয়াত হোসেন সি-ট্রাকে করে মগনামা ঘাট থেকে কুতুবদিয়া যান। এ সময় তিনি বলেন, শিগগিরই মগনামা ঘাট থেকে কুতুবদিয়ায় ফেরি চালুর ব্যবস্থা নেওয়া হবে। পাশাপাশি ঘাটকে কেন্দ্র করে রাজনীতি না করার আহ্বান জানান তিনি।
স্থানীয়দের মতে, সি-ট্রাক চালুর ফলে দ্বীপবাসীর নিরাপদ যোগাযোগ নিশ্চিত হওয়ার পাশাপাশি পর্যটন ও অর্থনৈতিক কর্মকাণ্ডে নতুন গতি আসবে। তবে স্থায়ী স্বাচ্ছন্দ্য ও সার্বক্ষণিক নিরাপদ যোগাযোগ নিশ্চিত করতে দ্রুত ফেরি চালুর দাবি জানিয়েছেন কুতুবদিয়ার সচেতন মহল।
বিআইডব্লিউটিএ সূত্র জানায়, দুইশ’ যাত্রী ধারণক্ষমতার সি-ট্রাকটি মগনামা ঘাট থেকে প্রতিদিন সকাল ৯টা, দুপুর ২টা ও সন্ধ্যা ৭টায় কুতুবদিয়ার উদ্দেশে ছেড়ে যাবে। অপরদিকে, কুতুবদিয়া থেকে মগনামা ঘাটের উদ্দেশে সি-ট্রাক ছাড়বে প্রতিদিন সকাল সাড়ে ৭টা, বেলা ১২টা ও বিকেল ৫টায়। প্রাথমিকভাবে জনপ্রতি ভাড়া নির্ধারণ করা হয়েছে ৩০ টাকা।



সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন