কক্সবাজারের পেকুয়ায় যৌথ বাহিনীর অভিযানে একটি দেশীয় তৈরি একনলা বন্দুক, দুটি শটগানের কার্তুজ ও দুটি ধারালো কিরিচ উদ্ধার করা হয়েছে। তবে এ সময় কাউকে আটক করা যায়নি। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং অবৈধ অস্ত্র উদ্ধারের লক্ষ্যে এ অভিযান পরিচালনা করা হয়েছে, জানিয়েছে থানা পুলিশ।
সোমবার (২ ফেব্রুয়ারি) গোপন সংবাদের ভিত্তিতে পেকুয়া সেনা ক্যাম্প ও থানা পুলিশের সমন্বয়ে গঠিত যৌথ দল অভিযান পরিচালনা করে।
সূত্রে জানা গেছে, পেকুয়ার রাজাখালী ইউনিয়নের লালজানপাড়া এলাকার বাসিন্দা, সৌদি প্রবাসী নাছির উদ্দিনের বসতঘরের পেছনের খালের পাড়ে লাকড়ির স্তুপের নিচে পরিত্যক্ত অবস্থায় এসব অস্ত্র ও গুলা উদ্ধার করা হয়।
উদ্ধারকৃত অস্ত্রের মধ্যে রয়েছে দেশীয় তৈরি একনলা বন্দুক, দুটি কালো রঙের শটগানের কার্তুজ এবং দুটি ধারালো কিরিচ।
পেকুয়া থানার ওসি খাইরুল আলম জানান, ‘গোপন সংবাদের ভিত্তিতে সেনাবাহিনী ও পুলিশ যৌথ অভিযানে এসব অস্ত্র উদ্ধার করেছে। কারা এবং কী উদ্দেশ্যে এখানে রাখা হয়েছিল তা খতিয়ে দেখা হচ্ছে। সংশ্লিষ্টদের শনাক্তে তদন্ত ও গোয়েন্দা কার্যক্রম জোরদার করা হয়েছে।’
তিনি আরও বলেন, ‘অবৈধ অস্ত্রের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে। আইনশৃঙ্খলা পরিস্থিতি বিনষ্টের যেকোনো অপচেষ্টা কঠোরভাবে দমন করা হবে। উদ্ধারকৃত অস্ত্রের বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।’

-20260202220210.webp)

