সাবেক প্রধানমন্ত্রী ও আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়ার সংগ্রামী জীবনের নানা অধ্যায় তুলে ধরে কক্সবাজারের সাগরপাড়ে অনুষ্ঠিত হয়েছে দুই দিনব্যাপী আলোকচিত্র প্রদর্শনী। সুগন্ধা সৈকত পয়েন্টে আয়োজিত এই প্রদর্শনীর সমাপনী দিনে দর্শনার্থীদের ভিড়ে সাগরপাড় পরিণত হয় স্মৃতি ও শ্রদ্ধার এক নীরব প্রাঙ্গণে।
অবিরাম ঢেউয়ের শব্দ, নোনাজলের বাতাস আর সূর্যাস্তের লাল আভায় সাগরপাড় যেন হয়ে ওঠে সংগ্রাম ও ইতিহাসের এক জীবন্ত ক্যানভাস।
বগুড়া মিডিয়া অ্যান্ড কালচারাল সোসাইটি অব ঢাকার আয়োজনে শনিবার (৭ ফেব্রুয়ারি) সন্ধ্যায় অনুষ্ঠিত এই প্রদর্শনীতে সারি সারি আলোকচিত্রে ফুটে ওঠে বেগম খালেদা জিয়ার দীর্ঘ রাজনৈতিক লড়াই, কারাবন্দিত্ব, গণআন্দোলন এবং আপসহীন নেতৃত্বের ইতিহাস।

প্রদর্শনী দেখতে আসা পর্যটক ও স্থানীয় বাসিন্দাদের মতে, ইতিহাস ও রাজনীতির সঙ্গে আবেগ এখানে একসঙ্গে মিশে গেছে। অনেক দর্শনার্থী বলেন, বেগম খালেদা জিয়ার জীবন মানেই সংগ্রাম এই আলোকচিত্র প্রদর্শনী সেই ইতিহাসকে চোখের সামনে এনে দিয়েছে।
বগুড়া মিডিয়া অ্যান্ড কালচারাল সোসাইটির যুগ্ম সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম বলেন, প্রদর্শনীর প্রতিটি ছবি সময়ের সাক্ষ্য বহন করে। বেগম খালেদা জিয়ার সংগ্রামী জীবন নতুন প্রজন্মের কাছে তুলে ধরাই আমাদের লক্ষ্য।
সংগঠনের সাধারণ সম্পাদক সুজন মাহমুদ বলেন, ইতোমধ্যে আটটি বিভাগীয় শহর এবং বেগম খালেদা জিয়ার জীবনের সঙ্গে সম্পৃক্ত তিনটি জেলায় এই প্রদর্শনী আয়োজন করা হয়েছে। জানুয়ারির শুরুতে রাজধানীর জিয়া উদ্যান ও বিচারপতি শাহাবুদ্দিন পার্কেও একই ধরনের প্রদর্শনী অনুষ্ঠিত হয়।
প্রদর্শনীর উদ্বোধন করেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির মৎস্যজীবীবিষয়ক সম্পাদক লুৎফুর রহমান কাজল। তিনি বলেন, কক্সবাজারে বেগম খালেদা জিয়ার অনেক স্মৃতি রয়েছে। ইতিহাস ও রাজনীতিকে সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতেই এই ব্যতিক্রমী আয়োজন।


সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন