কক্সবাজারের পেকুয়ায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও কক্সবাজার–১ আসনের ধানের শীষের প্রার্থী সালাহউদ্দিন আহমদের নির্বাচনি গণমিছিলে বিপুলসংখ্যক মানুষের অংশগ্রহণ দেখা গেছে।
রোববার (৮ ফেব্রুয়ারি) বিকেলে অনুষ্ঠিত এ গণমিছিলে উপজেলার সাতটি ইউনিয়ন থেকে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা মিছিল নিয়ে অংশ নেন।
সকাল থেকেই পেকুয়া উপজেলার বিভিন্ন এলাকা থেকে নেতাকর্মীরা বাস, ট্রাক ও অন্যান্য যানবাহনে করে মিছিল নিয়ে জড়ো হতে থাকেন। কারও হাতে ছিল প্ল্যাকার্ড, কারও হাতে সালাহউদ্দিন আহমদ ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ছবি। কেউ কেউ নাচ–গানের মাধ্যমে ধানের শীষ প্রতীকের পক্ষে ভোটের আহ্বান জানান।
বিকেলে পেকুয়া আলহাজ কবির আহমদ চৌধুরীর বাজার থেকে গণমিছিলটি শুরু হয়ে বানৌজা সড়ক হয়ে পেকুয়া সাকুরপাড় স্টেশনে গিয়ে পথসভায় মিলিত হয়। মিছিলে বিভিন্ন শ্রেণি–পেশার মানুষের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। স্থানীয়দের ধারণা, এতে প্রায় লক্ষাধিক মানুষ অংশ নেন।
পেকুয়া উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের আয়োজনে অনুষ্ঠিত এ গণমিছিলের সম্মুখভাগে ছিলেন সালাহউদ্দিন আহমদ। স্থানীয় রাজনৈতিক সচেতন মহলের দাবি, পেকুয়ায় অতীতে অনুষ্ঠিত কোনো রাজনৈতিক কর্মসূচিতে এত মানুষের উপস্থিতি দেখা যায়নি।
মিছিল শেষে পথসভায় সালাহউদ্দিন আহমদ আগামী ১২ ফেব্রুয়ারি ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান। তিনি বলেন, দীর্ঘ পথ হেঁটে কর্মসূচিতে অংশ নেওয়ায় নেতাকর্মীরা ক্লান্ত হলেও তাদের উপস্থিতি তাকে অনুপ্রাণিত করেছে। এ জন্য তিনি সবাইকে ধন্যবাদ জানান।
নির্বাচনী আচরণবিধির কথা উল্লেখ করে সালাহউদ্দিন আহমদ বলেন, নির্ধারিত সময়ের মধ্যেই সব ধরনের নির্বাচনী প্রচারণা শেষ হবে। তিনি দাবি করেন, নেতা–কর্মীদের মধ্যে যে উৎসাহ ও উদ্দীপনা তিনি দেখেছেন, তাতে এ আসনে ধানের শীষ বিপুল ভোটে বিজয়ী হবে।
ভোটের দিন করণীয় সম্পর্কে তিনি বলেন, প্রত্যেককে নিজ নিজ ভোটকেন্দ্রে অবস্থান করতে হবে এবং ফলাফল ঘোষণা না হওয়া পর্যন্ত কেন্দ্র ছাড়বে না। একই সঙ্গে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখা, আইনশৃঙ্খলা বাহিনীকে সহযোগিতা করা এবং ভোটকেন্দ্রে কোনো অনিয়ম যাতে না হয়, সে বিষয়ে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান তিনি।
সালাহউদ্দিন আহমদ আরও বলেন, দীর্ঘদিন ধরে দেশের মানুষ স্বাধীনভাবে ভোটাধিকার প্রয়োগ করতে পারেনি। এবারের নির্বাচনের মাধ্যমে একটি নতুন গণতান্ত্রিক যাত্রা শুরু হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
পথসভা শেষে তিনি ভোটাধিকার প্রয়োগের আহ্বান জানিয়ে গণমিছিলের সমাপ্তি ঘোষণা করেন।
এ সময় সাবেক সংসদ সদস্য ও তার সহধর্মিণী অ্যাডভোকেট হাসিনা আহমদ, তাদের পুত্র সাঈদ ইব্রাহিম আহমেদ, পেকুয়া উপজেলা বিএনপির সভাপতি বাহাদুর শাহ, সাধারণ সম্পাদক ইকবাল হোসাইন, সাংগঠনিক সম্পাদক জেড এম মুসলেম উদ্দিন ও ডা. বেলাল হায়দারসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।
-20260209034519.webp)
-20260207045353-20260208213953.webp)

