ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

সাগরে ফিশিং ট্রলারের ধাক্কায় জেলে নিহত

পেকুয়া (কক্সবাজার) প্রতিনিধি
প্রকাশিত: ফেব্রুয়ারি ৯, ২০২৬, ০১:০৮ পিএম
নিহত জেলেকে কুতুবদিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়েছে। ছবি : রূপালী বাংলাদেশ

কক্সবাজারের কুতুবদিয়ার অদূরে বঙ্গোপসাগরে মাছ শিকাররত অবস্থায় ফিশিং ট্রলারের ধাক্কায় এক জেলে নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ১৩ জেলেকে জীবিত উদ্ধার করা হলেও এখনো নিখোঁজ রয়েছেন এক জেলে।

সোমবার (৯ ফেব্রুয়ারি) সকালে জেলে আক্তার আলম বাদশার মরদেহ উদ্ধারের পর কুতুবদিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রাখা হয়েছে। নিহত জেলে আক্তার আলম বাদশা (৫৫), কুতুবদিয়া উপজেলার উত্তর ধুরুং নয়াকাটা গ্রামের বাসিন্দা। আর নিখোঁজ জেলে হলেন জিয়াবুল মোহাম্মদ হোসেন।

এ বিষয়ে কুতুবদিয়া থানার ওসি মো. মাহবুবুল হক বলেন, সাগরে ফিশিং ট্রলারের ধাক্কায় এক জেলে নিহত হয়েছেন। তার মরদেহ ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালে প্রেরণ করা হচ্ছে।

এদিকে ট্রলার মালিক নাসির উদ্দিন বলেন, তার মালিকানাধীন এফবি নুরুন নাহার-১ গত ৬ ফেব্রুয়ারি ১৫ জেলে নিয়ে সাগরে মাছ ধরতে যান। রোববার দুপুরের আগে জেলেরা জাল ওঠানোর সময় দ্রুত বেগে আসা এফবি হার্টি নামের একটি ফিশিং ট্রলার তার ট্রলারকে ধাক্কা দেয়। এ সময় জেলেরা সাগরে ছিটকে পড়ে সাঁতরাতে থাকেন।

ট্রলারের মাঝি মো. শরীফ বলেন, ধাক্কায় সবাই সাগরে পড়ে গেলে ভাসতে থাকেন। এ সময় উত্তর ধুরুং নয়াকাটা গ্রামের আক্তার আলম বাদশা (৫৫) সাগরে তলিয়ে যেতে দেখে উদ্ধার করা হয় মৃত অবস্থায়। অপর জেলে জিয়াবুল মোহাম্মদ হোসেন নিখোঁজ হন। বাকি ১৩ জেলেকে অন্য ট্রলারের সাহায্যে উদ্ধার হয়েছে।

এদিকে নিহত ও উদ্ধারকৃত জেলেরা সোমবার সকাল ৯টার দিকে উপকূলে পৌঁছানোর পর কুতুবদিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে উদ্ধার হওয়াদের চিকিৎসা দেওয়া হচ্ছে।