ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

মালয়েশিয়ায় পাচারের উদ্দেশ্যে আটক ১৩ ভিকটিম উদ্ধার

টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি
প্রকাশিত: এপ্রিল ১, ২০২৬, ০৩:১৪ পিএম
আটক ভিকটিমরা। ছবি : রূপালী বাংলাদেশ

কক্সবাজারের টেকনাফে সমুদ্রপথে অবৈধভাবে মালয়েশিয়ায় পাচারের উদ্দেশ্যে আটকে রাখা নারী-পুরুষসহ ১৩ জন ভিকটিমকে উদ্ধার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব-১৫)।

সোমবার (৩০ মার্চ) রাত থেকে মঙ্গলবার (৩১ মার্চ) ১টা ৩০ মিনিট পর্যন্ত টেকনাফ সদর ইউনিয়নের দক্ষিণ লম্বরী এলাকায় একটি বসতবাড়িতে অভিযান চালিয়ে তাদের উদ্ধার করা হয়।

র‍্যাব জানায়, সিপিসি-১ টেকনাফ ক্যাম্পের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, দক্ষিণ লম্বরী এলাকার একটি বাড়িতে সংঘবদ্ধ মানব পাচারকারী চক্র কয়েকজন নারী-পুরুষকে জোরপূর্বক আটকে রেখেছে। তাদের সমুদ্রপথে মালয়েশিয়ায় পাচার এবং মুক্তিপণ আদায়ের পরিকল্পনা রয়েছে।

এ তথ্যের ভিত্তিতে র‍্যাবের একটি চৌকস দল অভিযান চালায়। তবে র‍্যাবের উপস্থিতি টের পেয়ে পাচারকারীরা পালিয়ে যেতে সক্ষম হয়। পরে বাড়িটি থেকে মোট ১৩ জন ভিকটিমকে উদ্ধার করা হয়।

উদ্ধারদের মধ্যে ৬ জন বাংলাদেশি পুরুষ, ৪ জন রোহিঙ্গা পুরুষ এবং ৩ জন রোহিঙ্গা নারী রয়েছেন।

ঘটনায় জড়িত পলাতক আসামিরা হলেন- মো. সাইফুল (৩৮), মো. মালবিক কামাল (৪৬), মো. ফাইসাল (২৭), মো. জাফর (৩৬) ও মো. সাইফুল ইসলাম (২৪)। তারা সবাই টেকনাফ থানা এলাকার বাসিন্দা। এ ছাড়াও অজ্ঞাতনামা আরও ৫-৬ জনকে মামলায় আসামি করা হয়েছে।

র‍্যাব জানিয়েছে, উদ্ধারদের নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে। পলাতক আসামিদের বিরুদ্ধে টেকনাফ মডেল থানায় মামলার প্রক্রিয়া চলমান। মানব পাচারকারী চক্রের অন্য সদস্যদের গ্রেপ্তারের অভিযান অব্যাহত রয়েছে।