দীর্ঘ এক বছর বন্ধ থাকার পর অবশেষে চালু হলো কক্সবাজারের টেকনাফ স্থলবন্দর। বন্দরটির সার্বিক পরিস্থিতি পরিদর্শন করেছেন নৌপরিবহন প্রতিমন্ত্রী মো. রাজিব আহসান।
সোমবার (৬ এপ্রিল) সকাল সাড়ে ৯টার দিকে কক্সবাজার থেকে সড়কপথে টেকনাফের উদ্দেশে রওনা হয়ে বেলা সাড়ে ১১টায় তিনি স্থলবন্দরে পৌঁছান। এ সময় তিনি বন্দর এলাকা ঘুরে দেখেন এবং সংশ্লিষ্ট ব্যবসায়ী ও কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন।
পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রতিমন্ত্রী জানান, টেকনাফ স্থলবন্দরের কার্যক্রম পুনরায় চালু করা হয়েছে। এ বিষয়ে বিজিবি, কোস্ট গার্ড এবং সংশ্লিষ্ট ব্যবসায়ীদের সঙ্গে আলোচনা করে প্রয়োজনীয় সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
তিনি বলেন, ‘আজ থেকে টেকনাফ স্থলবন্দরের কার্যক্রম শুরু হয়েছে। সকলের সমন্বয়ে বন্দরটি সচল রাখা হবে।’
পরিদর্শন শেষে দুপুর দেড়টার দিকে তিনি টেকনাফ থেকে কক্সবাজার লাইট হাউসের উদ্দেশে রওনা দেন।
এ সময় উপস্থিত ছিলেন: নৌ মন্ত্রণালয়ের সচিব ড. নূরুন্নাহার চৌধুরী, বাংলাদেশ স্থলবন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান (অতিরিক্ত সচিব) মুহাম্মদ মানজারুল মান্নান, টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ইমামুল হাফিজ নাদিম, কক্সবাজার অতিরিক্ত পুলিশ সুপার মো. রকিব উদ্দিনসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য ও অন্যান্য সরকারি কর্মকর্তারা।
এ ছাড়া স্থানীয় ব্যবসায়ী ও বিএনপির নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, মিয়ানমারের রাখাইন রাজ্যে চলমান সংঘাত এবং আরাকান আর্মির নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার কারণে গত এক বছর ধরে টেকনাফ স্থলবন্দরে পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ ছিল। আজ থেকে টেকনাফ স্থলবন্দর আবার চালু করা হয়েছে বলে জানান প্রতিমন্ত্রী।

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন