কক্সবাজারের পেকুয়ায় নানার বাড়িতে পুকুরের পানিতে ডুবে ফাহিয়া (৭) নামে এক শিশুকন্যার মৃত্যু হয়েছে। শুক্রবার (১৭ এপ্রিল) সকালে উপজেলার সদর ইউনিয়নের পূর্ব বাইম্যাখালী এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত ফাহিয়া চকরিয়া উপজেলার ফাইতং ইউনিয়নের মোহাম্মদ শফির মেয়ে। সে নানার বাড়িতে থেকে পূর্ব বাইম্যাখালী সুলতানুল উলুম নুরানি মাদ্রাসায় পড়াশোনা করত।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, শুক্রবার সকাল ৮টার দিকে নানার বাড়ির পাশে খেলতে গিয়ে সবার অগোচরে ঘরের পেছনের একটি পুকুরে পড়ে যায় ফাহিয়া।
কিছুক্ষণ পর পরিবারের সদস্যরা তাকে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন। পরে পুকুর থেকে তাকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে দ্রুত পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে পেকুয়া থানার ওসি খাইরুল আলম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, নিহতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা রুজু করা হয়েছে।


