সেন্টমার্টিন ও চট্টগ্রামে কোস্ট গার্ডের পৃথক দুই অভিযানে বিদেশি মদ ও গাঁজাসহ এক মাদক কারবারিকে আটক করেছে কোস্টগার্ড । রোববার (২৬ এপ্রিল) বিকেলে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান।
তিনি বলেন, সেন্টমার্টিনের জেটি ঘাট সংলগ্ন এলাকায় গত শনিবার সন্ধ্যা ৬টায় গোপন সংবাদের ভিত্তিতে একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালে একটি সন্দেহজনক সার্ভিস বোটে তল্লাশি চালিয়ে প্রায় ৬০ হাজার টাকা মূল্যের ২ কেজি গাঁজাসহ একজন মাদক কারবারিকে আটক করা হয়।
অপরদিকে, চট্টগ্রামের পতেঙ্গায় চাইনিজ ঘাট সংলগ্ন এলাকাতে রোববার ভোর ৪টায় গোপন সংবাদের ভিত্তিতে আরও একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালে প্রায় ৮৮ লাখ ১৫ হাজার টাকা মূল্যের ২১৫ বোতল বিদেশি মদ (হুইস্কি) জব্দ করা হয়। এ সময় মাদক পাচারকারীরা কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
তিনি আরও বলেন, জব্দকৃত গাঁজা, বিদেশি মদ ও আটককৃত মাদক কারবারির পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন। মাদকের ভয়াল থাবা থেকে তরুণ প্রজন্মকে রক্ষায় কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।


