ঢাকা রবিবার, ০৫ জুলাই, ২০২৬

বর সাজা হলো না কলেজছাত্র সাইফুলের

টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি
প্রকাশিত: জুলাই ৫, ২০২৬, ০২:৪৬ পিএম
ছবি- রূপালী বাংলাদেশ

কক্সবাজার টেকনাফে জমির বিরোধের জেরে সাইফুল নামের এক যুবক নিহত হয়েছেন।নিহত সাইফুল টেকনাফের সাবরাং ৬নং ওয়ার্ডের হাফেজ মোক্তারের ছোট ছেলে এবং নয়াপাড়া বাজারের একজন ব্যবসায়ী ছিলেন। পাশাপাশি হ্নীলা মেমোরিয়াল কলেজের ছাত্র।

গতকাল শনিবার (৪ জুলাই) আসরের নামাজের পর নিজ বাড়ির সামনে প্রতিপক্ষের হামলায় তিনি গুরুতর আহত হয়ে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

রোববার ৫ জুন দুপুরে বিষয়টি নিশ্চিত করেন নিহত সাইফুলের বড় ভাই হাবিব উল্লাহ।
জমি-সংক্রান্ত পূর্ব শত্রুতার জেরে আপন চাচাতো ভাইয়েরা তাকে হত‍্যা করেছে- এমন অভিযোগ পরিবারের।

নিহত সাইফুল ইসলামের বড় ভাই হাবিব উল্লাহ জানান, চলাচলের রাস্তা নিয়ে বিষয়টি আদালতে বিচারাধীন ছিল। বিচার শেষ হওয়ার আগেই তার চাচা মৌলভী জহির আহমদ এবং তার ছেলে ইসমাইল, ইসহাক, ইদ্রিস, ইলিয়াস ও ওসামাসহ কয়েকজন তাদের ওপর হামলা চালায়।

একপর্যায়ে সাইফুল ইসলামকে বেধড়ক মারধর করা হয়। পরে তাকে উদ্ধার করে প্রথমে টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন। তবে সেখানে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

এ বিষয়ে টেকনাফ মডেল থানার উপপরিদর্শক (এসআই) শুভ মিত্র ঘটনাস্থল পরিদর্শন শেষে বলেন, কক্সবাজার সদর থানা থেকে আমরা একটি বার্তা পেয়েছি যে, সাইফুল ইসলাম নামে একজন ব্যক্তি হাসপাতালে মারা গেছেন।

সত‍্যতা জানার জন‍্য ঘটনাস্থলে এসে প্রাথমিকভাবে জানতে পেরেছি, জমিজমা-সংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় তিনি নিহত হয়েছেন। নিহতের পরিবার আইনগত ব্যবস্থা নিলে পুলিশ বিষয়টি গুরুত্বসহকারে তদন্ত করে প্রকৃত ঘটনা উদঘাটন এবং দোষীদের আইনের আওতায় আনা হবে।

নিহত সাইফুলের বিয়ের আকদ ও কাবিন সম্পন্ন হয়েছিল এবং আগামী কয়েকদিন পর তার বিয়ের আনুষ্ঠানিকতা শেষ হওয়ার কথা। কিন্তু ভাগ‍্যের নির্মম পরিহাস নিয়তি তাকে বর সাজতে দেয়নি।

তার মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া নেমে আসে।