অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস, সাবেক স্বাস্থ্য উপদেষ্টা নুর জাহান বেগমসহ চারজনের বিরুদ্ধে দায়িত্বে অবহেলার অভিযোগে মামলা করার আবেদন করা হয়েছে। হামে আক্রান্ত হয়ে এক শিশুর মৃত্যুর ঘটনায় তার বাবা এই আবেদন করেন।
রোববার (৫ জুলাই) সকালে ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশিতা ইসলামের আদালতে সিরাজুল ইসলাম নামে এক ব্যক্তি মামলার আবেদন দাখিল করেন। আদালত তার জবানবন্দি গ্রহণ করে আদেশের জন্য আবেদনটি অপেক্ষমাণ রেখেছেন। বিষয়টি নিশ্চিত করেছেন বাদীপক্ষের আইনজীবী তাসলিমা জাহান পপি।
আবেদনে আরও যাদের আসামি করা হয়েছে তারা হলেন স্বাস্থ্য অধিদফতরের সাবেক মহাপরিচালক ডা. মো. আবু জাফর এবং সাবেক প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।
মামলার আবেদনে বলা হয়, সিরাজুল ইসলামের নয় মাস বয়সী কন্যা সাউদা মুসকান জ্বরে আক্রান্ত হলে তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে শয্যার সংকট, অক্সিজেনের স্বল্পতা, চিকিৎসক ও নার্সদের অবহেলা এবং প্রয়োজনীয় চিকিৎসাসেবা যথাসময়ে না পাওয়ায় শিশুটির শারীরিক অবস্থার অবনতি ঘটে। পাশাপাশি সময়মতো হামের টিকা সরবরাহ না থাকায় সে টিকা গ্রহণ করতে পারেনি এবং পরবর্তীতে হামে আক্রান্ত হয়ে মারা যায়।
আবেদনে অভিযোগ করা হয়েছে, অন্তর্বর্তীকালীন সরকারের সংশ্লিষ্ট দায়িত্বশীল ব্যক্তিরা হামের টিকা সংগ্রহ, সরবরাহ এবং টিকাদান কার্যক্রম কার্যকরভাবে পরিচালনায় ব্যর্থ হয়েছেন। এই অবহেলার ফলেই দেশের বিভিন্ন স্থানে বহু শিশু হামে আক্রান্ত হয়েছে, অনেকের মৃত্যু হয়েছে এবং আরও অসংখ্য শিশু চিকিৎসাধীন রয়েছে বলে দাবি করা হয়েছে।
এছাড়া, অভিযুক্তদের বিরুদ্ধে জনস্বাস্থ্য সুরক্ষা ও নাগরিকের জীবন রক্ষায় রাষ্ট্রীয় দায়িত্ব যথাযথভাবে পালন না করা, ক্ষমতার অপব্যবহার, দায়িত্বে অবহেলা এবং আইনগত কর্তব্য পালনে ব্যর্থতার অভিযোগও আনা হয়েছে।

