কুমিল্লার চৌদ্দগ্রামে সংঘবদ্ধ চোরচক্র এক রাতে দুই পরিবারের ১০টি গরু চুরি হওয়ার অভিযোগ পাওয়া গেছে।
রোববার (২১ ডিসেম্বর) ভোরে উপজেলার বাতিসা ইউনিয়নের চাঁন্দকরা গ্রামে পৃথক দুটি গোয়ালঘরে এ ঘটনা ঘটে।
ভুক্তভোগী পরিবার সূত্রে জানা যায়, চাঁন্দকরা সেকান্দর আলী উচ্চ বিদ্যালয়ের পাশের এলাকার বাসিন্দা দেলু ভুঁইয়া ও আবদুর রহমান বিশ্বাস শনিবার রাতের খাবার শেষে প্রতিদিনের মতো গোয়ালঘরে তালা দিয়ে ঘুমিয়ে পড়েন।
রোববার ভোররাতে সংঘবদ্ধ চোরচক্র পৃথক দুটি গোয়ালঘরের তালা ভেঙে দেলু ভুঁইয়ার সাতটি এবং আবদুর রহমান বিশ্বাসের তিনটি গরু চুরি করে নিয়ে যায়।
স্থানীয়রা জানান, ঘটনাস্থল আটগ্রাম–শরীফপুর সড়কের পাশে হওয়ায় চোরচক্র পিকআপ ভ্যানযোগে গরুগুলো নিয়ে যেতে সক্ষম হয়।
রোববার সকালে ঘুম থেকে উঠে গোয়ালঘরের তালা ভাঙা ও গরু না দেখে ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা হতভম্ব হয়ে পড়েন।
এ বিষয়ে চৌদ্দগ্রাম মডেল থানার ওসি আবু মাহমুদ মো. কাউছার বলেন, ‘এ ঘটনায় এখনো লিখিত কোনো অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’
তিনি আরও বলেন, ‘পাশাপাশি চুরি ও ডাকাতি প্রতিরোধে পুলিশের টহল জোরদার করা হয়েছে।’



